নভেম্বর ২৬, ২০২৬, ০৫:২৪ পিএম
সারা দেশে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নিরাপত্তাঝুঁকির কারণে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শাখাগুলোর কার্যক্রম বন্ধ থাকায় নিয়মিত ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ শাখাগুলোর আওতাধীন এলাকার গ্রাহকরা প্রয়োজনীয় ঋণসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ গ্রহণেও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট সদস্যরা।
গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ব্যাপ্তি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ব্যাংকটি। এ ছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত এর কার্যক্রম। বর্তমানে গ্রামীণ ব্যাংকের মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে সংঘটিত এসব ঘটনায় প্রতিষ্ঠানটির সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে। এতে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
হামলার ধারাবাহিকতার চিত্র উঠে এসেছে ব্যাংকের নিজস্ব তথ্যেও। ব্যাংকের অভ্যন্তরীণ স্মারকের তথ্য অনুযায়ী, গত ১০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে ৯৭টি শাখা ও কার্যালয়ে হামলা হয়েছে। এর মধ্যে গত ১৮ নভেম্বর বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী শাখায় প্রায় এক ডজন লোক দেশীয় অস্ত্র, পেট্রল ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে ঢোকে। শাখাটির ব্যবস্থাপক সোলায়মান মোড়ল জানান, হামলাকারীরা যন্ত্র দিয়ে সিন্দুক কাটার চেষ্টা করে এবং প্রায় ৪০ বস্তা ভাউচার ও কাগজপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। ইস্পাতের আলমারি, ফাইল ক্যাবিনেট ও চেয়ার-টেবিলসহ আসবাব ও সরঞ্জাম লুট হয়। তিনি আরও জানান, হামলার সময় তিনি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান শুনেছেন।
এর আগে গত ১৫ নভেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর বুধবার গভীর রাতে সিলেটের মোগলাবাজারে ব্যাংকটির একটি শাখায় কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। ওই আগুনে অফিসের দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার এক বিবৃতিতে ব্যাংকের ওপর ‘সুপরিকল্পিত হামলাকে’ ‘অবিশ্বাস্য রকম মর্মান্তিক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে।
বিবৃতিতে অধ্যাপক ইউনূস আরও বলেন, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব ঘটনায় আটটি মামলা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে। পুলিশ বাহিনীর জনবল কিছুটা কম বলে তিনি স্বীকার করেন। গ্রামীণ ব্যাংক তার ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে।
ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন