নভেম্বর ২৬, ২০২৬, ০৬:০৪ পিএম
সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবককে মাসব্যাপী বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চিরিরবন্দর উপজেলার পনট্টি ইউনিয়ন পরিষদের হল রুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য।
তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস প্রদান করা হয়েছে, যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন