বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

এনামুল মবিন(সবুজ)

নভেম্বর ২৫, ২০২৬, ০৯:২৫ পিএম

চিরিরবন্দরে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীদের চলাচলের সুবিধা ও নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (ইছামতি) ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের অর্থায়নে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।

আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ আফরোজ, আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের লক্ষ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তোলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।