নভেম্বর ২৬, ২০২৬, ১০:৪৭ পিএম
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় তৃতীয় রাতের মতো চালানো ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন হামাস-নিযুক্ত গাজার শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল-আকসা শহীদ হাসপাতালের চিকিৎসকদের বরাতে জানা গেছে, ওই হামলায় খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হন। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলা হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সম্প্রতি চালানো ধারাবাহিক লক্ষ্যভেদী হত্যাকাণ্ডের অংশ। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের সঙ্গে দেওয়া বিবৃতিতে তিনি এই হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তার দাবি, গত এক মাসে ইসরায়েল প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তিনি বলেন, `কোনো সন্ত্রাসীই রেহাই পাবে না, হামাস নেতৃত্বের কেউই আমাদের হাত এড়াতে পারবে না।`
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, খালেদ আবু নাদা হামাসের অর্থনীতি পোর্টফোলিওর দায়িত্বে ছিলেন; তিনি সংগঠনটির ব্যাংক ও বিনিয়োগ নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং তহবিল সামরিক কর্মকাণ্ড ও শক্তি বৃদ্ধিতে ব্যয় করতেন। সেনাবাহিনীর ভাষ্য, তার মৃত্যুতে সংগঠনটির অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হতে পারে।
হামাস খালেদ আবু নাদার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, তিনি সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের সদস্য ছিলেন। তবে ইসরায়েলের অভিযোগ নিয়ে সংগঠনটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
একই রাতে গাজা সিটির তুফফাহ এলাকা ও শাতি শরণার্থী শিবিরে চালানো আরও দুটি বিমান হামলায় ছয়জন নিহত হন বলে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন। পরে বৃহস্পতিবার পূর্ব বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৬২ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এই সাতজনের নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
খালেদ আবু নাদা হলেন মঙ্গলবারের পর থেকে ইসরায়েলি হামলায় নিহত তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা। এর আগে সংগঠনটির দুজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, যাদের মধ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের একজন প্রধানও রয়েছেন। ইসরায়েল দাবি করে, তাদের হামলার লক্ষ্য হামাসের সদস্যরা; তবে এসব হামলায় বহু বেসামরিক ফিলিস্তিনিও নিহত হয়েছেন।
হামাসের প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, অব্যাহত ইসরায়েলি হামলার চাপ সংগঠনটির পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনা এখনো সহিংসতা থামাতে কিংবা হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে পারেনি।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি ও পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে উভয় পক্ষের হিসাব থেকে জানা গেছে। বর্তমানে ইসরায়েলি সেনারা গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে; যুদ্ধবিরতির সময় এই নিয়ন্ত্রণ ছিল অর্ধেকের কিছু বেশি। হামাসের নিয়ন্ত্রণে রয়েছে উপকূলঘেঁষা একটি সরু অংশ মাত্র। যুদ্ধবিরতির পরও প্রায় প্রতিদিনই গাজায় হামলা ও প্রাণহানির খবর আসছে।
২০২৩ সাল থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, দেখা দিয়েছে তীব্র ক্ষুধা সংকট এবং উপত্যকার প্রায় পুরো জনগোষ্ঠী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। গবেষকদের একাংশ ও জাতিসংঘের একটি তদন্তে এই আক্রমণকে গণহত্যা হিসেবে মূল্যায়ন করা হয়েছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে চালানো হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫০ জনের বেশি জিম্মি হওয়ার পর আত্মরক্ষার্থেই তারা অভিযান চালিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন