নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৩৮ পিএম
পাহাড়ের ৫০০ মিটার গভীরে গ্রানাইট পাথর কেটে সুরক্ষিত মিসাইল সিটি গড়ে তুলেছে ইরান। অত্যাধুনিক বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেও এই ভূগর্ভস্থ সামরিক কাঠামো ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
গত ১০ নভেম্বর ইরানি সংবাদমাধ্যমে নতুন এক ভিডিও প্রকাশিত হয়। সেখানে পাহাড়ের নিচের গভীর সুড়ঙ্গে সারি সারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চিত্র দেখা যায়। সুড়ঙ্গপথ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। সেখান থেকে তিনি হুঁশিয়ারি দেন, শত্রু আবার আঘাত হানলে জবাব মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে যাবে।
অথচ চলতি বছরের মার্চে যুদ্ধের মাঝামাঝি সময়ে ভিন্ন দাবি করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি ছিল, মাত্র ২০ দিনে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা হারিয়েছে।
এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দেশটির ভৌগোলিক অবস্থান ও ব্যতিক্রমী যুদ্ধ কৌশলে। ইরানের বিশাল ভূখণ্ড জুড়ে বিস্তৃত রয়েছে দুর্গম জাগ্রোস পর্বতমালা। তিন দশকের বেশি সময় ধরে এই কঠিন গ্রানাইট পাথরের নিচে সুড়ঙ্গনগরী তৈরি করেছে তেহরান। এসব পাতাল ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন, জ্বালানি এবং বিপুল গোলাবারুদ মজুদ রাখা হয়। পাশাপাশি সামরিক কর্মীরাও সেখানে সম্পূর্ণ নিরাপদ পরিবেশে অবস্থান করেন।
মার্কিন সংবাদমাধ্যমের এক অনুসন্ধানে উপগ্রহ ছবি বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। ওই বিশ্লেষণে বলা হয়, ইরানের অন্তত ২৭টি ভূগর্ভস্থ ঘাঁটি ও ১০৭টি সুড়ঙ্গমুখ শনাক্ত হয়েছে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, পাহাড়ি অঞ্চলে এমন আরও বহু গোপন ঘাঁটি রয়েছে। সেগুলোর প্রকৃত সংখ্যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও অজানা।
সাধারণত মাটির নিচে আঘাত হানতে যুক্তরাষ্ট্র ৩০ হাজার পাউন্ড ওজনের জিবিইউ-৫৭ বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে। কিন্তু এই শক্তিশালী বোমাও মাটির সর্বোচ্চ ৬০ মিটার গভীর পর্যন্ত ভেদ করতে পারে। বিপরীতে ইরানের অধিকাংশ মিসাইল সিটি নির্মিত হয়েছে পাহাড়ের ৫০০ মিটার বা তারও গভীরে।
শুধু গভীরতাই নয়, সুড়ঙ্গগুলোর নকশাও তৈরি করা হয়েছে অত্যন্ত কৌশলীভাবে। সুড়ঙ্গগুলো সোজা না বানিয়ে আঁকাবাঁকা কাঠামোতে নির্মাণ করা হয়েছে। প্রবেশপথের ভেতরে বসানো রয়েছে কয়েক মিটার পুরু ইস্পাত ও কংক্রিটের ব্লাস্ট ডোর। ফলে সুড়ঙ্গের মুখে বোমা আঘাত হানলেও বিস্ফোরণের চাপ ভেতরের মূল চেম্বারে পৌঁছাতে পারে না।
হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক তিমুর কাদিশেভ জানান, ইরান ২০ বছর ধরে এই যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। তার মতে, এক বা একাধিক বিমান হামলায় এই বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা সম্ভব নয়।
যুদ্ধ চলাকালে মাটির গভীরে ঢুকতে ব্যর্থ হয়ে কৌশল বদলায় মার্কিন ও ইসরাইলি বাহিনী। তখন তারা লক্ষ্যবস্তু বানায় সুড়ঙ্গের প্রবেশপথ, সংযোগ সড়ক এবং মোবাইল মিসাইল লঞ্চারগুলোকে। গত ১ মার্চ উপগ্রহ ছবিতে তাবরিজ মিসাইল ঘাঁটির প্রবেশপথ ধসে পড়তে দেখা যায়। ওই হামলায় ইরানের কিছু মোবাইল লঞ্চারও ক্ষতিগ্রস্ত হয়।
তবে এই পরিস্থিতিতে পাল্টা মনস্তাত্ত্বিক ও কারিগরি চাল চেলেছিল তেহরান। মাটির ওপরে কাঠ, প্লাস্টিক ও ধাতব কাঠামো দিয়ে শত শত নকল লঞ্চার বসানো হয়েছিল। প্রতিরক্ষা পরিভাষায় এগুলোকে ডিকয় বলা হয়। প্রতিপক্ষের যুদ্ধবিমানগুলো লাখ লাখ ডলারের স্মার্ট বোমা খরচ করে এসব নকল স্থাপনা ধ্বংস করে।
এক মাস যুদ্ধের পর মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বেরিয়ে আসে ভিন্ন বাস্তবতা। দেখা যায়, ইরানের প্রায় অর্ধেক আসল মিসাইল লঞ্চারই সম্পূর্ণ অক্ষত রয়েছে। বাকিগুলোর বেশিরভাগ ধ্বংস না হয়ে কেবল সুড়ঙ্গমুখ ধসে মাটির নিচে আটকে গিয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যমের মে মাসের অনুসন্ধানে দেখা যায়, ১৮টি ঘাঁটির ৬৯টি সুড়ঙ্গমুখে বোমা ফেলা হয়েছিল। যুদ্ধ থামার পরপরই এর মধ্যে ৫০টি সুড়ঙ্গমুখ আবার খুলে ফেলে তেহরান। এই কাজে কোনো জটিল প্রযুক্তির প্রয়োজন হয়নি। সাধারণ বুলডোজার, লোডার এবং ডাম্প ট্রাক ব্যবহার করেই ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়।
গবেষক তিমুর কাদিশেভ এই ঘটনাকে অসম যুদ্ধের এক অনন্য উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছেন। অত্যাধুনিক ও ব্যয়বহুল অস্ত্রের ক্ষয়ক্ষতি ইরান মেরামত করেছে সাধারণ নির্মাণযন্ত্র দিয়ে।
বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এখনো ইরানের হাতে প্রায় ১ হাজার ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। শুধু মজুদ নয়, পুরো অস্ত্র উৎপাদন ব্যবস্থাও মাটির নিচে সরিয়ে নিয়েছে দেশটি। গত ৭ নভেম্বর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলো এখন ভূগর্ভস্থ উৎপাদন নগরীতে স্থানান্তরিত হয়েছে। ফলে ওপর থেকে ভারী বোমাবর্ষণ করা হলেও অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বন্ধ হবে না।
এছাড়া ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলো কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল চালিত। এ কারণে সুড়ঙ্গ থেকে বের করে মাত্র কয়েক মিনিটের মধ্যে এগুলো নিক্ষেপ করা যায়। ফলে শত্রুপক্ষের স্যাটেলাইট বা ড্রোন এগুলো শনাক্ত করার সময় পায় না।
গত ১০ নভেম্বরের ভিডিওতে ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উপস্থিতিও দেখা গেছে। পাশাপাশি সাধারণ বাণিজ্যিক ট্রাকের আড়ালে লুকানো লঞ্চার প্রদর্শন করেছে তেহরান। আকাশ থেকে সাধারণ পণ্যবাহী ট্রাকের সঙ্গে এসব লঞ্চারের পার্থক্য করা প্রায় অসম্ভব।
সব মিলিয়ে ইরান এমন এক ব্যয়-সাশ্রয়ী প্রতিরোধ কাঠামো দাঁড় করিয়েছে, যা প্রতিপক্ষকে চাপে ফেলেছে। একটি সুড়ঙ্গমুখ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে খরচ করতে হয় কয়েক মিলিয়ন ডলারের বোমা। অথচ ইরান মাত্র কয়েক হাজার ডলারের ডিজেল পুড়িয়ে বুলডোজার দিয়ে তা সচল করে ফেলে। এই অর্থনৈতিক ও কারিগরি বাস্তবতা প্রমাণ করে, আকাশপথে শ্রেষ্ঠত্ব থাকলেও তেহরানকে নির্মূল করা অসম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন