বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
মেমরির দামে প্রভাব

মেমরি সংকটে ২০২৭ সালে কমবে ফোন উৎপাদন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৮:৫২ পিএম

মেমরি সংকটে ২০২৭ সালে কমবে ফোন উৎপাদন

ডিডিআর৫ মেমরি মডিউল। ছবি: উইকিমিডিয়া কমন্স

২০২৭ সালে স্মার্টফোনের সরবরাহ কমানোর পরিকল্পনা করছে বিশ্বের প্রায় সব বড় নির্মাতা।

সরবরাহ শৃঙ্খলার সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মেমরি চিপের দাম বেড়ে যাওয়া ও সরবরাহে টান পড়ায় নির্মাতারা আগামী বছরের লক্ষ্যমাত্রা নামিয়ে আনছে। ২০২৬ সালের পূর্বাভাসও সংশোধন করা হয়েছে। বছরের শুরুতে স্মার্টফোন সরবরাহে প্রায় ৩ শতাংশ পতনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। এখন তা প্রায় ১৪ শতাংশ সংকোচনে পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সবচেয়ে বেশি কমছে ভিভোর লক্ষ্যমাত্রা। প্রতিষ্ঠানটি ২০২৭ সালে ৮ কোটি ৫০ লাখ ফোন সরবরাহের লক্ষ্য নিয়েছিল। এখন তা নামিয়ে ৬ কোটি করা হয়েছে। এতে পতন দাঁড়াচ্ছে ২৯ শতাংশ।

শাওমিও বড় ধাক্কা খাচ্ছে। ২০২৬ সালে প্রায় ১২ কোটি ফোন সরবরাহের লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির। ২০২৭ সালের লক্ষ্য নামিয়ে ৯ কোটি করা হয়েছে। অর্থাৎ এক বছরে লক্ষ্যমাত্রা কমছে ২৫ শতাংশ।

অ্যাপলের লক্ষ্যমাত্রা কমছে তুলনামূলক কম। ২০২৬ সালে ২৩ কোটি ৩০ লাখ আইফোন সরবরাহের লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির। ২০২৭ সালে তা নামিয়ে ২২ কোটি করা হয়েছে। পতনের হার ৫ দশমিক ৬ শতাংশ।

স্যামসাংয়ের পরিকল্পনায়ও কাটছাঁট এসেছে। ২০২৬ সালে ২৩ কোটি ২০ লাখ গ্যালাক্সি ফোন সরবরাহের লক্ষ্য ছিল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির। ২০২৭ সালে তা ২১ কোটি করা হয়েছে। পতন ৯ দশমিক ৫ শতাংশ।

অপোর লক্ষ্যমাত্রা ১০ কোটি ৫০ লাখ থেকে নামিয়ে ৯ কোটি করা হয়েছে। পতনের হার ১৪ শতাংশ। ট্রানশনের লক্ষ্য ৬ কোটি ৬০ লাখ থেকে কমে ৫ কোটি ৮০ লাখ হয়েছে। পতন ১২ শতাংশ।

হুয়াওয়ের ২০২৭ সালের লক্ষ্য ৬ কোটি থেকে কমে ৫ কোটির নিচে নেমে যাচ্ছে। পতন ১৬ শতাংশের বেশি। লেনোভোর মোটোরোলা ব্যবসার লক্ষ্য ৫ কোটি থেকে কমে ৪ কোটি হয়েছে। পতন ২০ শতাংশ।

অনারই একমাত্র বড় নির্মাতা, যারা লক্ষ্যমাত্রা কমায়নি। প্রতিষ্ঠানটি ২০২৭ সালেও ৫ কোটি ফোন সরবরাহের লক্ষ্য ধরে রেখেছে। ২০২৬ সালের লক্ষ্যও ছিল একই।

এই সংকটের মূল কারণ মেমরির দাম। কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারের চাহিদায় ডির্যাম সরবরাহ টান পড়েছে। বাজারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ডির্যাম বাজারের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬৯ শতাংশ বেড়ে প্রায় ২০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। ডির্যামের গড় দাম উঠেছে প্রতি গিগাবিট ১ দশমিক ৯ ডলারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে মেমরির দাম বেড়েছে ২৬৩ শতাংশ। অন্যান্য যন্ত্রাংশের দামও বেড়েছে, তবে এতটা নয়।

পরিস্থিতি দ্রুত বদলানোর সম্ভাবনা কম। গোল্ডম্যান স্যাকসের অনুমান অনুযায়ী, ২০২৭ সালে ডির্যামের সরবরাহ ঘাটতি ৫ দশমিক ১ শতাংশে পৌঁছাতে পারে। নতুন উৎপাদন কেন্দ্র ২০২৮ সালের আগে চালু হওয়ার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অনারের প্রধান নির্বাহী লি জিয়ান বলেছেন, নির্মাতারা দাম নিয়ন্ত্রণে রাখতে চিপ, ক্যামেরা ও মেমরির মানে আপস করতে বাধ্য হচ্ছেন।

স্যামসাং ইতিমধ্যে ছাড় ও অফার কমিয়ে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এস২৭ সিরিজের দাম বাড়ানোর পরিকল্পনাও করছে।

এই সংকটের প্রভাব সরাসরি পড়বে ক্রেতাদের ওপর। মেমরির দাম না কমলে আগামী বছর ফোনের দাম আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।