নভেম্বর ২৬, ২০২৬, ০৯:০৩ পিএম
হাই-টেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দিয়ে দেশে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আইফোন ছাড়া প্রায় সব ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য এখন দেশেই তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সভাকক্ষে নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রেহান আসিফ আসাদ বলেন, দেশে এখন আইফোন ছাড়া প্রায় সব ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য তৈরি হচ্ছে। হাই-টেক খাতে ৪ থেকে ৫ শতাংশ প্রণোদনা দিয়ে দেশীয় উৎপাদন ৯০ শতাংশ পর্যন্ত বাড়াতে হবে। একই সঙ্গে এসব পণ্য রপ্তানিমুখী করার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, এ খাতে নতুন উৎপাদন লাইন চালু এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। এতে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, সরকারকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে সভায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সভায় আইসিটি বিভাগের চলমান কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রকল্প পরিচালকেরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন