বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
কোডিং পদ্ধতি

হাবিপ্রবিতে কোডিং পদ্ধতি চালুর দাবি শিক্ষার্থীদের

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ১১:২৫ পিএম

হাবিপ্রবিতে কোডিং পদ্ধতি চালুর দাবি শিক্ষার্থীদের

হাবিপ্রবি ক্যাম্পাস। ছবি: দিনাজপুর টিভি

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষার্থীর পরিচয় গোপন রাখতে কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়। এই পদ্ধতিতে নাম, রোল নম্বর বা অন্য কোনো পরিচয়ের বদলে নির্দিষ্ট কোড দিয়ে খাতা মূল্যায়ন করেন পরীক্ষকেরা। পরিচয় জানা না থাকায় নম্বর দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতের সুযোগ কমে এবং মূল্যায়নে স্বচ্ছতা আসে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এ বিষয়ে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি। বিশ্ববিদ্যালয়টিতে কোডিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রাথমিকভাবে ছয়টি বিভাগে এই পদ্ধতি চালু হয়েছে। সেখানে উত্তরপত্রের মলাটে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও নির্দিষ্ট কোডের জন্য আলাদা অংশ রাখা হয়। পরীক্ষকের কাছে খাতা পাঠানোর আগে পরিচয়ের অংশটি আলাদা করে সংরক্ষণ করা হয়। ফলে নাম বা রোল নম্বর না জেনেই উত্তরপত্র মূল্যায়ন করতে পারেন পরীক্ষক।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পরীক্ষামূলকভাবে কোডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও একই পদ্ধতি চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রচলিত পদ্ধতিতে উত্তরপত্রে শিক্ষার্থীর রোল নম্বর দেখা যায়। এতে পূর্বপরিচিত কোনো শিক্ষার্থীকে শনাক্ত করা পরীক্ষকের পক্ষে সম্ভব হতে পারে। ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতির কারণে মূল্যায়নে পক্ষপাতের আশঙ্কা থেকে যায়। কোডিং পদ্ধতিতে পরীক্ষার্থীর পরিচয় গোপন থাকায় সেই সম্ভাবনা অনেকটাই কমে আসে। পরীক্ষক খাতা দেখার সময় শিক্ষার্থীর পরিচয় জানতে না পারায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাব পড়ার সুযোগও থাকে না। উত্তরপত্রের মান ও মেধার ভিত্তিতেই নম্বর দেওয়ার সুযোগ তৈরি হয়।

হাবিপ্রবিতেও খাতা মূল্যায়নে পক্ষপাতের অভিযোগ ও অসন্তোষের কথা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান সজীব কুমার রায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কম নম্বর দেওয়ার অভিযোগ তুলেছিলেন। এমন প্রেক্ষাপটে মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কোডিং পদ্ধতির প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

কৃষি অনুষদের শিক্ষার্থী দিশা বলেন, ‍‍`কোডিং পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সহজ হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন এই পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন আমাদের বিশ্ববিদ্যালয় পিছিয়ে থাকবে কেন? শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হাবিপ্রবিতেও এই পদ্ধতি চালু করা উচিত।‍‍`

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের শিক্ষার্থী আরাফাত বলেন, ‍‍`কোডিং পদ্ধতি চালু হলে খাতা মূল্যায়নে স্বজনপ্রীতি ও পক্ষপাতের সুযোগ কমবে। একই সঙ্গে ফলাফলের প্রতি শিক্ষার্থীদের আস্থা বাড়বে। তাই এই পদ্ধতি চালুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।‍‍`

এ বিষয়ে হাবিপ্রবির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মোবারক হোসেন বলেন, ‍‍`কোডিং পদ্ধতি একটি আধুনিক ব্যবস্থা। আমরা মাঝেমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে এমন অভিযোগ পাই যে, তাঁরা প্রত্যাশিত ফলাফল পাননি কিংবা কোনো কারণে রোষানলের শিকার হয়েছেন। কোডিং পদ্ধতি চালু হলে এই ধরনের বৈষম্য কমানো সম্ভব। আমি হাবিপ্রবিতে এই পদ্ধতি চালুর বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।‍‍`

শিক্ষার্থীদের প্রত্যাশা, উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে দ্রুত কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।