বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
পিএসসির ওপর নির্ভরতা

শূন্য পদে দ্রুত নিয়োগ সম্ভব নয়: শিক্ষা সচিব

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ১১:১৯ পিএম

শূন্য পদে দ্রুত নিয়োগ সম্ভব নয়: শিক্ষা সচিব

সভায় শিক্ষা সচিব। ছবি: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে চাইলেও দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভর করতে হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, আগে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল। এমনকি শিক্ষা সচিবেরও শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ ছিল। বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পাওয়ায় এখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএসসির ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণে চাইলেও দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

আবদুল খালেক বলেন, "আমি ভালো শিক্ষক নিয়োগ দিতে চাই, ভালো পদ্ধতি চালু করতে চাই। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন পিএসসির প্রয়োজন হচ্ছে। পদগুলো খালি পড়ে আছে। আমি অসহায়। এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষকরা রাস্তায় মিছিল-মিটিং করেন। নতুন নীতিমালা করতে গেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিছিল-মিটিং হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে।"

শিক্ষা মন্ত্রণালয়ের কাজের ধরন তুলে ধরে সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। গত নয় মাসে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করা হয়েছে। কাজ করতে গিয়ে ভুলত্রুটি হলেও সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একজন শিক্ষা সচিবের সৎ, দক্ষ ও আন্তরিক হওয়ার পাশাপাশি সবার সঙ্গে যোগাযোগ রাখার মানসিকতা থাকতে হবে। সরকারি স্বার্থ, শিক্ষকদের স্বার্থ এবং শিক্ষার পরিবেশ সবকিছুই রক্ষা করতে হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে সচিবের বক্তব্যে। বদলির আদেশ জারির দাবিতে বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত নারী শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বদলির ফল প্রকাশের সব দাপ্তরিক ও কারিগরি কাজ শেষ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না মেলায় ফল প্রকাশ আটকে আছে। বদলির দাবিতে শিক্ষকদের অনশনের বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনও আজ নাটোরে বক্তব্য দিয়েছেন।

পাঠ্যবই ছাপানো ও বিতরণ প্রসঙ্গে শিক্ষা সচিব বলেন, এবার ৩২ কোটি বই ছাপানো হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো নভেম্বর মাসেই দেশের সব জায়গায় বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে বই ছাপানোর কাজে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। ভালো মানের কাগজ ব্যবহার এবং যথাযথ তদারকির মাধ্যমে বই ছাপানোর উদ্যোগ নেওয়া হলেও সমালোচনা থেকে রেহাই পাওয়া যায়নি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা শিক্ষা পরিবারেরই অংশ। শিক্ষা মন্ত্রণালয় ও সাংবাদিকরা একই পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন। এক পক্ষের দুঃখ-সুখ অন্য পক্ষের সঙ্গে ভাগ করে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে আগামী দিনে কাজ করতে চান বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।