বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,

স্যামসাং বন্ধ করছে Quick Share-এর প্রাইভেট শেয়ারিং

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ১১:২০ পিএম

স্যামসাং বন্ধ করছে Quick Share-এর প্রাইভেট শেয়ারিং

গ্যালাক্সি এস২৬। ছবি: উইকিমিডিয়া কমন্স

স্যামসাং তার Quick Share সেবার প্রাইভেট শেয়ারিং সুবিধা বন্ধ করে দিচ্ছে। গ্যালাক্সি স্টোরে Quick Share অ্যাপের হালনাগাদের বিবরণে এই আগাম নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাইভেট শেয়ারিং হলো গ্যালাক্সি যন্ত্রের মধ্যে ফাইল পাঠানোর সবচেয়ে সুরক্ষিত পদ্ধতি। এই পদ্ধতিতে ফাইলের মেয়াদ ঠিক করে দেওয়া যায়। প্রাপকের স্ক্রিনশট নেওয়া আটকানো যায়। এমনকি ফাইল পাঠানোর পরেও প্রাপকের প্রবেশাধিকার বাতিল করা যায়। সংবেদনশীল নথি বা ব্যক্তিগত ছবি পাঠাতে এই পদ্ধতিই ছিল সবচেয়ে নির্ভরযোগ্য।

Quick Share-এর ১৩ দশমিক ৯ দশমিক ১০ দশমিক ৫ সংস্করণের পরিবর্তন তালিকায় স্যামসাং লিখেছে, প্রাইভেট শেয়ারিং সুবিধা শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে। এই সংস্করণটি One UI ৯ ও তার আগের সংস্করণের ফোনগুলোর জন্য ছাড়া হয়েছে।

বন্ধ কার্যকর হলে এই পদ্ধতিতে আর ফাইল পাঠানো বা গ্রহণ করা যাবে না। শুধু তা-ই নয়, আগে প্রাইভেট শেয়ারিংয়ে পাঠানো ফাইলেও প্রাপকের প্রবেশাধিকার থাকবে না। অর্থাৎ ওই পদ্ধতিতে পাওয়া ফাইলের কপি আগেই সংরক্ষণ না করলে তা হারিয়ে যাবে।

তবে সাধারণ Quick Share সেবা আগের মতোই চলবে। কাছের যন্ত্রে দ্রুত ফাইল পাঠানোর মূল সুবিধাটিতে কোনো পরিবর্তন আসছে না। পরিবর্তনটি শুধু অতিরিক্ত সুরক্ষার এই আলাদা পদ্ধতিটির ক্ষেত্রে।

দুই পদ্ধতির পার্থক্য এখানেই। সাধারণ পদ্ধতিতে ফাইল একবার পাঠালে তা প্রাপকের যন্ত্রে স্থায়ীভাবে থেকে যায়। প্রাইভেট শেয়ারিংয়ে পাঠানো ফাইল নির্দিষ্ট সময় পর নিজে থেকেই অকার্যকর হয়ে যায়। মাঝখানে প্রেরক চাইলে যেকোনো সময় প্রবেশাধিকার তুলে নিতে পারেন। এই নিয়ন্ত্রণটাই ছিল সুবিধাটির মূল শক্তি।

অফিসের নথি, চুক্তির কাগজ বা ব্যক্তিগত নথি পাঠানোর ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ কাজে লাগত। ফাইল ভুল হাতে গেলেও মেয়াদ শেষে বা বাতিলের পর তা আর খোলা যেত না। সেই সুরক্ষা স্তরটিই এবার উঠে যাচ্ছে।

One UI ৯ দশমিক ৫-এর প্রথম বেটা সংস্করণে সুবিধাটি ইতিমধ্যে নেই। Galaxy S26 Ultra ফোনে Quick Share-এর ১৩ দশমিক ৯ দশমিক ৫০ দশমিক ৩০ সংস্করণে প্রাইভেট শেয়ারিংয়ের কোনো অপশন নেই। শুধু অপশন নয়, অ্যাপ থেকে সংশ্লিষ্ট কোডও সরিয়ে দেওয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে, অপসারণটি পরিকল্পিত এবং স্থায়ী। অথচ One UI ৯ দশমিক ৫ বেটার নিজস্ব পরিবর্তন তালিকায় এই অপসারণের কোনো উল্লেখ ছিল না।

বন্ধের ইঙ্গিত প্রথম মিলেছিল ১৯ নভেম্বর। অ্যাপের ভেতরের লুকানো লেখায় সেদিনই বন্ধের বার্তা পাওয়া গিয়েছিল। তবে সেখানে বন্ধের তারিখের জায়গাটি ফাঁকা রাখা হয়েছিল। এবার গ্যালাক্সি স্টোরের প্রকাশ্য নোটিশে বিষয়টি নিশ্চিত হলো।

স্যামসাং বন্ধের নির্দিষ্ট তারিখ এখনো জানায়নি। কেন এই সুবিধা তুলে নেওয়া হচ্ছে, সে বিষয়েও প্রতিষ্ঠানটি কোনো কারণ জানায়নি। নোটিশে তারিখের জায়গাটি এখনো ফাঁকা। ভবিষ্যতের কোনো হালনাগাদে তারিখটি জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

গ্যালাক্সি স্টোরের নোটিশটি Quick Share অ্যাপের জন্যই প্রযোজ্য। অর্থাৎ বন্ধের তারিখ ঘোষণার পর হালনাগাদ করা অ্যাপটি যেসব গ্যালাক্সি ফোনে পৌঁছাবে, সেগুলোর সবগুলোতেই সুবিধাটি বন্ধ হয়ে যাবে। বেটা ব্যবহারকারীদের বাইরে সাধারণ ব্যবহারকারীদের কাছেও পরিবর্তনটি পৌঁছাবে অ্যাপ হালনাগাদের মাধ্যমেই।

One UI ৯ বা তার আগের সংস্করণের ফোনগুলোতে সুবিধাটি এখনো চালু আছে। One UI ৯ দশমিক ৫-এর বেটা পরীক্ষা চলছে Galaxy S26 সিরিজের ফোনে। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড ও ভারত - এই ছয় দেশের ব্যবহারকারীরা বেটায় অংশ নিচ্ছেন।

Quick Share এখন অ্যান্ড্রয়েড ফোনে ফাইল আদান-প্রদানের প্রধান মাধ্যমগুলোর একটি। স্যামসাং ও গুগল যৌথভাবে এই ব্যবস্থা গড়ে তুলেছে। ফলে গ্যালাক্সি ফোন থেকে অন্য অ্যান্ড্রয়েড ফোনেও একই পদ্ধতিতে ফাইল পাঠানো যায়।

স্থিতিশীল One UI ৯ দশমিক ৫ সংস্করণটি Galaxy S27 সিরিজের সঙ্গে আসার কথা রয়েছে। সেই সংস্করণে প্রাইভেট শেয়ারিং থাকছে না।