শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

জাল সার্টিফিকেট ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৭:৫১ পিএম

জাল সার্টিফিকেট ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

জাল সার্টিফিকেট দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নেওয়া ব্যক্তিদের সামনে দুর্দিন আসছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনোভাবেই আর জালিয়াতি লুকিয়ে রাখা যাবে না। শুক্রবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়।

দেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের কথা তুলে ধরে তিনি বলেন, সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রচলিত গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে জ্ঞাননির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন এহছানুল হক মিলন। শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল হলে চলবে না, প্রকৃত জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার পরিবেশ ও পরীক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

স্কুলগুলোতে ইসলামী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী দিনে যার যার ধর্ম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দিনাজপুর টিভি ডট কমের পর্যালোচনায় স্থানীয় এই বক্তব্যের বিস্তারিত তথ্য উঠে এসেছে।