শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

গণিত অলিম্পিয়াডে প্রথম ঢাবির ফাতেমা দ্বিতীয় জাকিয়া ও তৃতীয় ইসরাত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৮:০১ পিএম

গণিত অলিম্পিয়াডে প্রথম ঢাবির ফাতেমা  দ্বিতীয় জাকিয়া ও তৃতীয় ইসরাত

ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেনস ম্যাথমেটিকস অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জাকিয়া আক্তার রিভা এবং তৃতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী মোছা. ইসরাত জাহান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে বাংলাদেশ গণিত সমিতি এই গণিত অলিম্পিয়াড আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের উদ্বোধন করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ড. আবদুস সালাম।

অন্য বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোছা. মেঘলা পারভীন ও মেহজাবিন আশরাফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাবনী আক্তার শিমলা। এ ছাড়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সুমাইয়া আক্তার নিশি, মৃন্ময় দাস পিউ ও সাজিয়া ফারুক ঐশী এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোদেলা সরকারও বিজয়ী তালিকায় রয়েছেন।

শিক্ষার্থীদের কাছে গণিতকে সহজবোধ্যভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। গণিতের ভাষা আয়ত্ত করতে হলে এর চর্চা বাড়ানোর পাশাপাশি পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে গণিতের জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের অসাধারণ প্রতিভা, মেধা ও সম্ভাবনার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, একাগ্রতা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারবে।

বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম শাহাদাত হোসেন, অলিম্পিয়াড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম। বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবীর স্বাগত বক্তব্য দেন।

আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. তানিয়া শরমিন খালেক বিজয়ীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আছমা আক্তার আখি, এমন তথ্য দিনাজপুর টিভি ডট কমের পর্যালোচনায় উঠে এসেছে।