নভেম্বর ২০, ২০২৬, ০৭:২৪ পিএম
রোহিঙ্গা গণহত্যা রায়ের ঘটনায় মিয়ানমারকে আদালতের নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে তুরস্ক সরকার।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত দমনপীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আদালত ঐতিহাসিক রায় দিয়েছেন। ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন লঙ্ঘনের অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলায় এ রায় এসেছে।
গণহত্যা প্রতিরোধ ও বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমারের বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টিও রায়ের মধ্য দিয়ে উঠে এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মামলা শুরুর পর থেকেই গাম্বিয়ার উদ্যোগকে সমর্থন জানিয়ে আসছে দেশটি। বিবৃতিতে এই রায়কে রোহিঙ্গা মুসলমানদের ওপর দীর্ঘদিন ধরে চলা পরিকল্পিত নিপীড়নের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বর্ণনা করা হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করে আঙ্কারা।
মিয়ানমারকে বিলম্ব ছাড়াই এবং সম্পূর্ণভাবে আদালতের রায়ের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছে তুরস্ক। একই সঙ্গে রোহিঙ্গা মুসলমানদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক। এক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সংহতি বজায় রাখার কথাও জানিয়েছে আঙ্কারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন