শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

ব্রিটেন-ইইউ সমঝোতায় যুব গতিশীলতা, খাদ্য ও কার্বন বাণিজ্য যুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৬:৪২ পিএম

ব্রিটেন-ইইউ সমঝোতায় যুব গতিশীলতা, খাদ্য ও কার্বন বাণিজ্য যুক্ত

ব্রেক্সিট পরবর্তী নতুন সমঝোতা চূড়ান্ত করেছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ব্রাসেলসে শীর্ষ সম্মেলনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কার্যালয় জানিয়েছে, সম্পর্ক পুনর্গঠনের এই আলোচনা সফলভাবে শেষ হয়েছে।

ব্রেক্সিট ভোটের এক দশক পর এটি সম্পর্ক এগিয়ে নেওয়ার সূচনা।

তিনটি নীতিগত ক্ষেত্রে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলে ডাউনিং স্ট্রিট জানিয়েছে। এসবের মধ্যে রয়েছে তরুণদের অবাধ চলাচলের সুযোগ বা ইউথ মোবিলিটি স্কিম, স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা সংক্রান্ত স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি এগ্রিমেন্ট এবং উভয় পক্ষের কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপন। এসব বিষয়ে সময়সীমা নির্ধারণে সম্মত হয়েছে দুই পক্ষ, আর বিস্তারিত তথ্য একটি যৌথ বিবৃতিতে প্রকাশ করা হবে।

আলোচনার শুরুতে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লিয়েন এবং আন্তোনিও কস্তাকে উদ্দেশ্য করে বার্নহ্যাম বলেন, এটি ব্রিটেনের জন্য একটি ভালো দিন। ইউরোপের জন্যও এটি ভালো দিন এবং এর মাধ্যমে ইউরোপ ও যুক্তরাজ্যের মানুষ প্রকৃত সুফল পাবেন বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র আলজাজিরাকে জানান, চুক্তি সম্পন্ন হয়েছে এবং আলোচনা শেষ হয়েছে। এখন উভয় পক্ষ বাস্তবায়নের দিকে কাজ করবে। আন্তর্জাতিক চুক্তির নিয়ম অনুযায়ী প্রতিটি দেশ নিজস্ব আইনি প্রক্রিয়া অনুসরণ করবে এবং কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। বার্নহ্যামের ভাষ্য অনুযায়ী, এই চুক্তিগুলো ব্রিটেনের অর্থনীতিতে ০ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি যোগ করতে পারে।

প্রাণী, উদ্ভিদ ও সংশ্লিষ্ট পণ্যের চলাচলের ওপর নিয়ন্ত্রণ শিথিল করার ব্যবস্থাটি ব্রিটিশ অর্থনীতির জন্য প্রায় ৫ দশমিক ১ বিলিয়ন পাউন্ড বা ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার মূল্যের সমান। কার্বন নির্গমন বাণিজ্য ব্যবস্থা সংযুক্ত করার ফলে ইস্পাতের মতো ব্রিটিশ ও ইউরোপীয় পণ্য একে অপরের সীমান্ত কার্বন শুল্ক থেকে অব্যাহতি পাবে।

যুব গতিশীলতা কর্মসূচির আওতায় ১ লাখ ইউরোপীয় তরুণ-তরুণী যুক্তরাজ্যে সর্বোচ্চ তিন বছর বসবাস ও কাজ করার সুযোগ পাবেন। একইভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও ব্রিটিশ তরুণ-তরুণীরা একই সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষরিত হলেও সম্পর্কের ক্ষেত্রে আরও গভীর পরিবর্তন কার্যকর হতে কয়েক মাস বা বছরব্যাপী আলোচনা লাগতে পারে। এর আগে বার্নহ্যাম ব্রিটিশ জনগণকে বলেছিলেন, ভবিষ্যতের সম্পর্কের ক্ষেত্রে ২৭ সদস্যবিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাসহ সব বিকল্পই খোলা রাখা উচিত। তবে তিনি জোর দিয়ে বলেন, ব্রেক্সিট উল্টে দেওয়া কেবল একটি সম্ভাব্য ফলাফল মাত্র এবং অদূর ভবিষ্যতে তা ঘটার কোনো সম্ভাবনা নেই।

এই সম্ভাবনা এবং স্বাক্ষরিত চুক্তিগুলো ইউরোপীয় ইউনিয়নের প্রতি সন্দিহান ব্রিটিশ জনগণের একটি বড় অংশের ক্ষোভের কারণ হতে পারে। চুক্তির খবর প্রকাশের পর রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ বার্নহ্যামকে অনভিজ্ঞ বলে অভিহিত করেন। সোশ্যাল মিডিয়ায় ফারাজ লেখেন, ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তটিকে কাজে লাগিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর জোর খাটিয়েছে এবং এটি সেই পুরোনো খেলা, যেখানে নিছক অনভিজ্ঞতার কারণেই তিনি পা দিয়েছেন।