শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু, আঞ্চলিক হাবের ঘোষণা অর্থমন্ত্রীর

জাতীয় ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৬:৩৭ পিএম

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু, আঞ্চলিক হাবের ঘোষণা অর্থমন্ত্রীর

দুই বছর বিরতির পর চট্টগ্রামে শুরু হয়েছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামকে ঘিরে সরকারের বৃহৎ অর্থনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, চট্টগ্রামকে শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ জন্য বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, লজিস্টিকস ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাষায়, চট্টগ্রামের সম্ভাবনা শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নয়। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে হবে। এটি শুধু তার ব্যক্তিগত ইচ্ছা নয়, প্রধানমন্ত্রীরও পরিকল্পনা বলে জানান তিনি, এবং চট্টগ্রামের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

চট্টগ্রাম বন্দর নিয়ে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হচ্ছে। এখন সরকার চট্টগ্রামকে কেন্দ্র করে পুরো অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা করছে। বন্দর পরিচালনায় বৈশ্বিক মানের দক্ষতা নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, এ জন্য বন্দরগুলো বেসরকারি খাতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে কার্যক্রম চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে।

চট্টগ্রাম বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি সেখানে কার্গো ভিলেজ ও পণ্য সংরক্ষণের জন্য কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার কথাও জানান তিনি। চট্টগ্রামকে শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সমুদ্রবন্দরের পাশাপাশি বিমানবন্দরকেও আন্তর্জাতিক লজিস্টিকস হাবে পরিণত করতে হবে বলে মত দেন অর্থমন্ত্রী।

দুবাইয়ের জেবেল আলী বন্দরের আদলে একটি লজিস্টিকস ও ওয়্যারহাউজ সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ জন্য ইতোমধ্যে ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। এই অবকাঠামো শুধু চট্টগ্রাম নয়, সারা দেশ ও পুরো অঞ্চলকে সেবা দেবে। লজিস্টিকস খাতও বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গভীর সমুদ্রবন্দর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর নদীবন্দর হওয়ায় বড় জাহাজ সরাসরি ভেড়ানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতা কাটাতে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে, পাশাপাশি খুলনা অঞ্চলেও গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। গ্যাস সরবরাহ বাড়াতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহেশখালীতে কোরিয় ও জাপানি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থলভিত্তিক গ্যাস অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ রয়েছে। আগামী দুই বছরের মধ্যে এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

আগের সরকারগুলোর দুর্নীতি ও ঋণের বোঝা, ব্যাংকিং খাতের দুরবস্থা এবং শেয়ারবাজারের সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি আমদানির চাপও সামাল দিতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এত প্রতিকূলতার মধ্যেও সরকার বড় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ভালো ও লাভজনক প্রকল্প নেওয়া গেলে অর্থায়ন কোনো সমস্যা নয়। এই নীতিতেই সরকারের উন্নয়ন পরিকল্পনা এগোচ্ছে বলে জানান তিনি। জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন উল্লেখ করে তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের একটি উন্নয়ন কাঠামো চুক্তি হয়েছে, যেখানে চট্টগ্রামের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ ও সহায়তার সুযোগ রয়েছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, জাইকা ও ইসলামিক উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত হচ্ছে।

দেশের অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতিরও গণতন্ত্রায়ন প্রয়োজন। অর্থনীতি যেন অল্প কিছু মানুষের হাতে পুঞ্জীভূত না থাকে, সে জন্য দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অর্থনৈতিক অগ্রগতির জন্য দেশে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি এবং সরকার পাঁচ বছর মেয়াদে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে যে পরিকল্পনা নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবারের মেলায় ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল রয়েছে। এতে দেশি-বিদেশি ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যেখানে ভারত, চীন, পাকিস্তান ও থাইল্যান্ডের ব্যবসায়ীরাও পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

২০ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা মাসব্যাপী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা প্রাঙ্গণ এবং প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল।