নভেম্বর ২০, ২০২৬, ০৭:১৮ পিএম
৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বর্তমান বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার আহ্বান জানানো হয়েছে। গত ১৭ নভেম্বর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।
চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ নভেম্বর।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সার্ভিস-সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হবে। বাংলাদেশ সরকার সেই চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
এ কারণে ডিইউ ডিজিটাল পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো ৩০ নভেম্বরের পর থেকে নির্ধারিত ঠিকানায় আর কার্যক্রম চালাবে না। সংশ্লিষ্ট সবাইকে এবং সব ধরনের ভিসা আবেদনপ্রার্থীকে ওই তারিখের পর থেকে এসব কেন্দ্রে আবেদন জমা না দিতে বলা হয়েছে।
নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম শিগগিরই আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন