আগস্ট ১৩, ২০২৬, ০৫:১৯ পিএম
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণিত অলিম্পিয়াডে তাঁদের অংশগ্রহণ ও অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। প্রধানমন্ত্রী এই উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনায় তহবিল গঠনের প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান। এ ছাড়া স্কুল পর্যায়ে অ্যাক্টিভিটি-অরিয়েন্টেড গণিত চালুর প্রস্তাবেও তিনি সম্মতি দেন।
সাক্ষাৎকালে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং সংশ্লিষ্ট ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে মনামী জামান, মো. রায়হান সিদ্দিকী ও জাওয়াদ হামীম চৌধুরীসহ বিভিন্ন পদকজয়ী শিক্ষার্থীরা অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন