নভেম্বর ২৭, ২০২৬, ১০:৪৬ এএম
ফুটবল মাঠে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে এবার প্রথমবারের মতো একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ জানিয়েছেন, আগামী মাসে তার বিদায়ী ম্যাচে খেলার সম্মতি দিয়েছেন মেসি এবং পর্তুগিজ মহাতারকা রোনালদোকেও একই দলে পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
বৃহস্পতিবার ৪২ বছর বয়সী তেভেজ এই তথ্য জানান।
আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী বোম্বোনেরা স্টেডিয়ামে তেভেজের সম্মানে এই বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হবে। জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে মেসির সতীর্থ হিসেবে খেলেছেন তেভেজ, আবার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় রোনালদোর সঙ্গেও ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন তিনি।
বোকা জুনিয়র্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই ফরোয়ার্ড ২০১৮ সালে আবারও নিজের শৈশবের ক্লাবটিতে ফিরে আসেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানান।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এল ক্লাসিকোসহ বিশ্ব ফুটবলে বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন মেসি ও রোনালদো। তবে পেশাদার ক্যারিয়ারে কখনোই তারা এক দলের হয়ে খেলেননি। তেভেজ যদি রোনালদোকে বোম্বোনেরা স্টেডিয়ামে আনতে সক্ষম হন, তবে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একই জার্সিতে মাঠে নামবেন এই দুই মহাতারকা, যা ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
তেভেজের এই বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোর পাশাপাশি বিশ্ব ফুটবলের আরও কয়েকজন কিংবদন্তিকে দেখা যেতে পারে। সম্ভাব্য এই তালিকায় রয়েছেন ইতালির সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন