নভেম্বর ২৭, ২০২৬, ১০:৫৭ এএম
দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের পর অবশেষে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই ঘরোয়া আয়োজনে বর সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি বদল ও বিয়ের নথিতে সই করার একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে মিমি ও সিদ্ধার্থকে পাশাপাশি বসে হাসিমুখে এবং একে অপরকে আংটি পরিয়ে দেওয়ার মুহূর্তে দেখা গেছে। অনুষ্ঠানে সোনালি ও দুধসাদা শাড়িতে সেজেছিলেন মিমি, আর তার পোশাকের সঙ্গে মিল রেখে সাদা পাঞ্জাবি পরেছিলেন সিদ্ধার্থ। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই ঘরোয়া আয়োজন সম্পন্ন হয়।

মিমির জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত পেশায় মার্চেন্ট নেভির একজন কর্মকর্তা। এক বান্ধবীর মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়েছিল। সেই পরিচয় থেকে ধীরে ধীরে বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক আড়ালে রাখলেও আইনি বিয়ের মাধ্যমে এবার আনুষ্ঠানিকভাবে একসঙ্গে পথচলা শুরু করলেন এই জুটি।
কলকাতায় আইনি বিয়ে সম্পন্ন হলেও মূল সামাজিক বিয়ের আয়োজন রাখা হয়েছে পাহাড়ে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন মিমি ও সিদ্ধার্থ। এর পরদিন ৩ ডিসেম্বর নৈশভোজ বা ডিনারের আয়োজন থাকছে। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান এবং সবশেষে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের বিয়ের সব আয়োজন সম্পন্ন হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন