শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
আবহাওয়া বার্তা

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ১২:৩৭ পিএম

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে

সারা দেশে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে এবং আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং অধিকাংশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর কিংবা সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।