নভেম্বর ২৭, ২০২৬, ১২:১২ পিএম
কয়েক দিন আগের আকস্মিক বৃষ্টিতে ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে, আর এর প্রভাবে রাজধানীর বাজারে আবারও চড়া হয়ে উঠেছে সবজির দাম। কিছুদিন আগে সবজির দর কিছুটা কমতে শুরু করলেও শুক্রবার (২৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজিই এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে।
শুক্রবারের বাজারদর অনুযায়ী, প্রতি কেজি পটল ৮০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা এবং শিম ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লম্বা বেগুন প্রতি কেজি ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, হাইব্রিড শসা ১০০ টাকা এবং দেশি শসা ১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
অন্যান্য সবজির মধ্যে মুলা প্রতি কেজি ৬০ টাকা, মাঝারি আকারের লাউ প্রতি পিস ৯০ টাকা, মাঝারি ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, মাঝারি বাঁধাকপি প্রতি পিস ৬০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, কচু প্রতি কেজি ১০০ টাকা, ধুন্দুল ও চিচিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, শালগম প্রতি কেজি ৮০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাড্ডার একটি বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগেও সবজির দাম কিছুটা কমে এসেছিল, কিন্তু এখন আবার দাম বেড়ে গেছে। তিনি আক্ষেপ করে জানান, পেঁপের কেজি ৪০ টাকা ছাড়া বাজারে ৮০ টাকার নিচে তেমন কোনো সবজি নেই এবং বাকি বেশিরভাগ সবজি ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হওয়ায় বাধ্য হয়ে এক কেজির বদলে আধা কেজি করে কিনতে হচ্ছে।
রামপুরা বাজারের আরেক ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, শীত মৌসুম শুরু হওয়ায় এই সময়ে সবজির দাম সবচেয়ে কম থাকার কথা, অথচ এখনো অধিকাংশ সবজি ৮০ থেকে ১২০ টাকার ঘরে কিনতে হচ্ছে।
সবজির দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম বলেন, এই সময়ে সবজির দাম কম থাকার কথা থাকলেও কয়েক দিন আগের আকস্মিক বৃষ্টিতে ক্ষেতের সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না উল্লেখ করে তিনি জানান, আর কয়েক দিনের মধ্যেই শীতের নতুন ফসল বাজারে উঠতে শুরু করলে সবজির সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন