আগস্ট ৩, ২০২৬, ১১:০৭ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করেই কাঁচামরিচের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজির দাম ১৬০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকায় পৌঁছেছে।এতে সাধারণ ক্রেতাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।গতকাল রোববার উপজেলার রাণীগঞ্জ, বলগাড়ী, হরিপাড়া ও ডুগডুগি হাট ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এক সপ্তাহ আগেও এই মরিচ ১৬০ টাকায় মিলত। অল্প সময়ের ব্যবধানে কেজিতে ১৪০ টাকা বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা বাধ্য হয়ে চাহিদার চেয়ে অনেক কম পরিমাণ মরিচ কিনছেন। ওসমানপুর বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, নিত্যপণ্যের দাম এমনিতেই বেশি, তার ওপর কাঁচামরিচের এমন দামে সংসারের ব্যয় আরও বেড়ে গেছে।
সরবরাহ কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বৃষ্টিকে দুষছেন। সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে অনেক মরিচখেত পানিতে তলিয়ে গেছে এবং গাছে থাকা মরিচ নষ্ট হয়েছে। পাইকারি পর্যায়েই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে বলে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান জানিয়েছেন, ভারী বর্ষণের কারণে অনেক এলাকায় মরিচখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং নতুন উৎপাদিত মরিচ বাজারে আসতে শুরু করলে দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন