রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী গড়ার প্রত্যয়ে দিনাজপুরে পালিত হলো গণপ্রকৌশল দিবস

মো: মামুনুর রশিদ

নভেম্বর ৮, ২০২৬, ০৭:১৮ পিএম

দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী গড়ার প্রত্যয়ে দিনাজপুরে পালিত হলো গণপ্রকৌশল দিবস

ছবি: দিনাজপুর টিভি

“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত রোববার সকাল দশটায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এই উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌ. মো. আব্দুল ওয়াদুদ মন্ডল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল।

আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মূর্শেদ সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী ও এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি মো. নুরুল হুদা, আইডিইবির সহ-সভাপতি প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল ও মো. শহিদুল ইসলাম, এবং আইডিইবির মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক আরজুমান লায়লা প্রমুখ।

আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন প্রধান অতিথি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, দিনাজপুরের সরকারি ও বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত গণ্যমান্য অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।