শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মো: মামুনুর রশিদ

নভেম্বর ৭, ২০২৬, ১০:৫৪ পিএম

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি: দিনাজপুর টিভি

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকালে জেলা প্রশাসন চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার অগ্রভাগে উপস্থিত ছিলেন দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর দুই আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং দিনাজপুর তিন আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।

এর আগে জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটপরিবর্তন, সিপাহি-জনতার ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। উক্ত আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।