নভেম্বর ১০, ২০২৬, ১১:০৮ পিএম
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের শপথের আলোকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, দায়িত্ব পালনে জামায়াতের প্রত্যেক জনশক্তিকে নবনির্বাচিত জেলা আমীরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে ২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমীর মুহাদ্দিস ড. এনামুল হকের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে নবনির্বাচিত আমীর মুহাদ্দিস ড. এনামুল হককে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। বিগত সরকারের শাসনামলে দীর্ঘ ১৭ বছর ধরে দিনাজপুর জেলা জামায়াত যেভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে, বর্তমান সময়েও দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠনের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের সজাগ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে গত ২২ অক্টোবর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দিনাজপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে ১ হাজার ৮ শ জন পুরুষ ও নারী রুকনের সরাসরি ভোটগ্রহণে তিনি আমীর নির্বাচিত হন। পরবর্তীতে গত ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের আমীর ডা. শফিকুর রহমান দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করেন। সেই তালিকায় দিনাজপুর জেলা জামায়াতের আমীর হিসেবে মুহাদ্দিস ড. এনামুল হকের নাম চূড়ান্ত করা হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আবদুল হাকিম ও মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর মো. আফতাব উদ্দিন মোল্লা, পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মো. আলমগীর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মাসুদ রানা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল হক, দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি সোহানুর রহমান সুমন, দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সভাপতি আবুল কালাম আজাদসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন