মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শামীম ইসলাম

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ১০:৫৭ পিএম

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শামীম ইসলাম

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নতুন সভাপতি শামীম ইসলাম।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। সংগঠনটির সাবেক সভাপতি শওকত আজিজ রাসেলকে পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এক জরুরি বোর্ড সভায় তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) বিটিএমএর এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।

এর আগে একই দিনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে শওকত আজিজ রাসেলকে বিটিএমএর সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের এই পদক্ষেপের পর বিটিএমএর পরিচালনা পর্ষদের জরুরি সভা আহ্বান করা হয়। ওই সভায় সংগঠনের গঠনতন্ত্রের ৬৩ অনুচ্ছেদ অনুযায়ী শামীম ইসলামকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। বিটিএমএর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

এদিকে সভাপতির পরিবর্তনের পাশাপাশি বিটিএমএর কার্যনির্বাহী কমিটিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের ‘এ’ শ্রেণির সহসভাপতির একটি শূন্য পদ ছিল। গঠনতন্ত্রের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে এই পদে নির্বাচিত করা হয়েছে।

অন্যদিকে, বিটিএমএর পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো। জহিরুল ইসলাম। তাকে সংগঠনের ‘এ’ শ্রেণির পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে দেশের টেক্সটাইল খাতের সংগঠনটি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।