নভেম্বর ২৭, ২০২৬, ১২:৩০ পিএম
পঞ্চগড় জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান ও আধুনিক নজরদারি কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে দিনরাত এই বিশেষ তৎপরতা চালানো হচ্ছে।
নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, আর আকাশপথে সার্বক্ষণিক নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ ড্রোন।

দুর্গম সীমান্ত পথে দ্রুত চলাচলের জন্য বিজিবি সদস্যরা ব্যবহার করছেন বিশেষ যান অল-টেরেইন ভেহিকল বা এটিভি। বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযানিক তৎপরতা বাড়ানো হয়েছে।
অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে মাইকিং প্রচারণা ও জনসচেতনতামূলক সভাও করছে বিজিবি। এসব সভার মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় লোকজনকে সতর্ক ও সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের আধুনিক নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন