বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

আবু সালেহ মোঃ রায়হান

নভেম্বর ২৬, ২০২৬, ০৭:০৮ পিএম

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও পথসভা

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা। ছবি: দিনাজপুর টিভি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাসের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদেও এই কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের আদালতের সামনে থেকে মিছিলটি বের হয়। জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা এতে অংশ নেন। বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলের আরেক দৃশ্য। ছবি: দিনাজপুর টিভি

সেখানে পথসভায় বক্তব্য রাখেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জামায়াত ও শিবিরের নেতারা।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। এমনটি চলতে থাকলে তাদের পরিণতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতোই হবে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সুযোগ নেই দাবি করে বক্তারা বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না। ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।