নভেম্বর ২৭, ২০২৬, ০৩:৪৯ পিএম
আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ খেলবেন সাবেক আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। এই বিশেষ ম্যাচে আর্জেন্টিনা জাতীয় দলে তেভেজের সাবেক সতীর্থ লিওনেল মেসিও মাঠে নামবেন।
আয়োজকরা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মেসির অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, ঐতিহাসিক এক রাতে আবারও দুজনের দেখা হবে এবং অ্যাপাচির শেষ নাচে বিশ্বসেরা এই ফুটবলারকে স্বাগত জানানো হবে সম্মানের বিষয়।
ম্যাচটিতে বোকা জুনিয়র্সের বর্তমান অধিনায়ক ও তারকা ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসও যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তেভেজের সঙ্গে কখনো একই ক্লাবে বা মাঠে না খেললেও দুজনেরই বোকা জুনিয়র্সের প্রতি ভালোবাসা, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরার গর্ব এবং শীর্ষ পর্যায়ের ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারকে বিশেষ সংযোগ হিসেবে তুলে ধরেছেন আয়োজকরা।
সবার আগে নিজের উপস্থিতি নিশ্চিত করেছিলেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড কুন আগুয়েরো। জাতীয় দলের পাশাপাশি ম্যানচেস্টার সিটিতেও একসঙ্গে খেলেছেন তারা। ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বিশেষ করে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে শিরোপা জয়ের স্মৃতি এখনো ফুটবলপ্রেমীদের মনে উজ্জ্বল।
বোকা জুনিয়র্সের কিংবদন্তি ফরোয়ার্ড মার্টিন পালের্মোও এই বিদায়ী ম্যাচে অংশ নেবেন। ২০০৪ সালে বোকা জুনিয়র্সে একসঙ্গে খেলেছিলেন তেভেজ ও পালের্মো, সে বছর ফাইনালে বলিভারের বিপক্ষে দুজনের গোলেই কোপা সুদামেরিকানা শিরোপা জিতেছিল ক্লাবটি।
আন্তর্জাতিক তারকাদের তালিকায় রয়েছেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জুভেন্টাসে তেভেজের সতীর্থ ছিলেন বুফন, যেখানে তারা একসঙ্গে দুটি সিরি আ, একটি ইতালিয়ান কাপ ও একটি সুপার কাপ জয়ের পাশাপাশি ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছিলেন।
অন্যদিকে, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে তেভেজের সতীর্থ ছিলেন রিও ফার্দিনান্দ। ওল্ড ট্র্যাফোর্ডে তারা একসঙ্গে দুটি প্রিমিয়ার লিগ এবং ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন