শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
জার্মানির গেলসেনকির্খেনের ঘটনা

খেলার মাঠে একা বসে কাঁদায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৩:৩৪ পিএম

খেলার মাঠে একা বসে কাঁদায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

সঙ্গে কোনো শিশু না থাকা সত্ত্বেও খেলার মাঠের বেঞ্চে একা বসে কান্নার কারণে জার্মানির গেলসেনকির্খেন শহরে এক নারীকে ২৫ ইউরো জরিমানা করেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। গত ২৫ অক্টোবর এই ঘটনা ঘটে।

পড়াশোনা ও আর্থিক সংকটের চরম চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ৩১ বছর বয়সী হানা।

একটু একান্ত সময় কাটানোর উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে তিনি ওই খেলার মাঠের একটি বেঞ্চে বসেন এবং খালাকে ফোন করে কাঁদতে শুরু করেন। তবে সঙ্গে শিশু ছাড়া খেলার মাঠে অবস্থান করা যে শহরের পৌর আইনের লঙ্ঘন, তা তার জানা ছিল না। হানা জানান, পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকায় তিনি কেবল কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলেন, যাতে কেউ তাকে দেখতে না পায়।

বেঞ্চে বসে কাঁদার সময় পৌরসভার তিনজন কর্মকর্তা হানার কাছে এগিয়ে যান এবং দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তার সন্তান কি না তা জানতে চান। শিশু দুটি তার নয় বলে জানালে কর্মকর্তারা তাকে ২৫ ইউরো জরিমানা করেন।

গেলসেনকির্খেনের পৌর বিধান অনুযায়ী, খেলার মাঠগুলো কেবল ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত। বাবা-মা বা অভিভাবকসহ প্রাপ্তবয়স্করা কেবল শিশুদের সঙ্গে থাকলেই সেখানে প্রবেশ কিংবা অবস্থান করতে পারেন।

কর্মকর্তাদের এমন পদক্ষেপে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে হানা প্রশ্ন তোলেন, এর মধ্যে মানবতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে প্রথমে তার খোঁজ নেওয়া বা সাহায্যের প্রয়োজন আছে কি না তা জিজ্ঞাসা না করে, শিশু ছাড়া বসার নিষেধাজ্ঞার বিষয়টি বুঝিয়ে বলার বদলে সরাসরি জরিমানা করায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

পৌর কর্মকর্তাদের এই আচরণে স্থানীয় বাসিন্দারাও হতবাক হয়েছেন। এক স্থানীয় পুরুষ বাসিন্দা মন্তব্য করেন, কেবল এক মুহূর্ত বিশ্রাম নিতে চাওয়া একজন নারীকে এভাবে শাস্তি দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। অপর এক নারী বাসিন্দা জানান, তিনি ওই এলাকায় ৬৪ বছর ধরে বসবাস করছেন এবং নিয়মিতই ওই বেঞ্চে বসেছেন, কিন্তু আগে কখনো কেউ এসে এভাবে যাচাই করেনি। আরেকজন বাসিন্দা কর্তৃপক্ষের এই পদক্ষেপকে চরম অপমানজনক বলে আখ্যা দেন।

সমালোচনার মুখেও কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে সিটি কাউন্সিল। কাউন্সিল সদস্য সাইমন নোয়াক (সিডিইউ) বলেন, শিশুদের খেলার মাঠ শিশুদের জন্যই নির্ধারিত হওয়ায় শিশু ছাড়া প্রাপ্তবয়স্কদের সেখানে অবস্থান করা সাধারণত নিষিদ্ধ।

নগর কর্তৃপক্ষের দাবি, খেলার মাঠের অননুমোদিত ব্যবহার ঠেকানো এবং শিশু অপহরণের ঝুঁকি কমানোর পদক্ষেপের অংশ হিসেবেই এই জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি বেঞ্চে একা বসে থাকাসহ খেলার মাঠের অননুমোদিত ব্যবহারের জন্য জরিমানার অঙ্ক আরও বাড়ানোর একটি প্রস্তাব নিয়ে সিটি কাউন্সিলে আলোচনা চলছে, যা পাস হলে জরিমানা ৫৫ ইউরো থেকে বেড়ে ৬০ ইউরো হতে পারে।

তথ্যসূত্র: ডব্লিউডিআর