নভেম্বর ২৭, ২০২৬, ০৪:৪৪ পিএম
দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন ‘বিলিওনেরা’ খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পাঁচটায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিতব্য ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে মঞ্চ মাতাবেন তিনি। এই আয়োজনে আন্তর্জাতিক সংগীতের পাশাপাশি দেশীয় সুরের চমক হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছান ওটিলিয়া এবং বিকেলে গুলশানের একটি তারকা হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেন।
প্রায় এক দশক আগে ইংরেজি ও স্প্যানিশ ভাষার মিশেলে তৈরি ‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন এই শিল্পী, যা বাংলাদেশের শ্রোতাদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২২ সালের পর এটিই তার দ্বিতীয় বাংলাদেশ সফর।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের খাবার নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ওটিলিয়া বলেন, এখানকার খাবার বেশ সুস্বাদু, তবে অনেক বেশি ঝাল। ঝাল পছন্দ করলেও সাধারণত এতটা ঝাল খাবারে তিনি অভ্যস্ত নন বলে জানান। স্বামীর কাছ থেকে ঝাল খাওয়া কিছুটা শিখলেও বাংলাদেশের খাবারের ঝালকে তিনি একেবারেই ভিন্ন মাত্রার বলে উল্লেখ করেন এবং খাবারগুলো তার খুব ভালো লেগেছে বলে জানান।
বাংলাদেশের কোন খাবারের স্বাদ নিতে চান—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পথের খাবারের প্রতি আগ্রহের কথা জানান ওটিলিয়া। তিনি বলেন, বিলাসবহুল রেস্তোরাঁর চেয়ে স্থানীয় ও ঐতিহ্যবাহী খাবার খেতেই তিনি বেশি পছন্দ করেন এবং কোনো দেশে গেলে রাস্তায় ঘুরে স্থানীয় মানুষের জীবনযাপন দেখা ও পথের খাবারের স্বাদ নিতে তার বেশি ভালো লাগে।
দ্বিতীয়বার বাংলাদেশে আসার কারণ জানিয়ে এই পপতারকা বলেন, ভক্তদের সঙ্গে দেখা করতেই তিনি আবারও ঢাকায় এসেছেন এবং এখানে তার অসংখ্য উন্মাদ ভক্ত থাকায় তাদের সামনে সরাসরি গান গাওয়ার সুযোগ পাওয়াটা তার জন্য আনন্দের। এবারের কনসার্টে দর্শকদের জন্য বিশেষ চমক থাকছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগেরবারের তুলনায় এবারের আয়োজন ভিন্ন ও আরও উপভোগ্য হবে।
কনসার্টে নিজের বিশ্বখ্যাত গান ‘বিলিওনেরা’ পরিবেশন করবেন জানিয়ে ওটিলিয়া বলেন, সাধারণত এই গান দিয়েই তিনি পরিবেশনা শুরু করেন এবং দর্শকদের অনুরোধে কখনো কখনো একই গান দুই থেকে তিনবারও গাইতে হয়।
গতবারের সফরের স্মৃতিচারণ করে তিনি জানান, বাংলাদেশ থেকে পাওয়া উপহারগুলো এখনো যত্ন করে সংরক্ষণ করে রেখেছেন, বিশেষ করে তার ও তার মায়ের জন্য দেওয়া উপহারগুলো বিশেষ স্মৃতি হয়ে আছে। ইউরোপের শীতের আবহাওয়ায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরার সুযোগ কম হলেও এবারও বাংলাদেশ থেকে নতুন পোশাক ও পরিবারের সদস্যদের জন্য উপহার নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
গানের জনপ্রিয়তার ক্ষেত্রে ভাষার চেয়ে অনুভূতিকে বেশি গুরুত্ব দিয়ে ওটিলিয়া বলেন, মানুষ যে ভাষাই বুঝুক না কেন, গানের অনুভূতি হৃদয় ছুঁয়ে গেলে সেই গান বিশ্বজুড়েই জনপ্রিয় হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন