শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
তৈরি পোশাক খাতে অস্থিরতা

বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার গেল ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৪:৩৫ পিএম

বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার গেল ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সৃষ্ট অস্থিরতায় সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড জারা ও এইচএন্ডএম নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে বাংলাদেশ থেকে তাদের প্রায় ১০ শতাংশ ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে, যার বড় অংশই চলে গেছে ভারতে। শুক্রবার (২৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজিএমইএর তথ্যমতে, চলমান শ্রমিক বিক্ষোভের কারণে এখন পর্যন্ত দেশের পোশাক খাতে মোট উৎপাদন ক্ষতি হয়েছে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।

কারখানা মালিকদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শ্রমিক অসন্তোষের ফলে উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ যে প্রতিযোগিতামূলক সুবিধা পেত, তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনজন কারখানা মালিক নিশ্চিত করেছেন যে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন মার্কিন ডলারের ক্রয়াদেশ সরে গেছে এবং এর অধিকাংশই ভারতে স্থানান্তরিত হয়েছে।

পোশাক শিল্পের নেতারা উল্লেখ করেছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচে পোশাক উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। মূলত এই সুবিধার ওপর ভিত্তি করেই চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল।

দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে এই তৈরি পোশাক খাত থেকে।

বাংলাদেশের এই অস্থিরতার ফলে রপ্তানি আদেশে সবচেয়ে বেশি লাভবান হয়েছে প্রতিবেশী দেশ ভারত। পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় যেকোনো ধরনের বিঘ্ন এড়াতে বিদেশি ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার বাজারের দিকেও ঝুঁকছেন।

বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। একইভাবে এমএন্ডএস, এইচএন্ডএম এবং সেলিওর পক্ষ থেকেও কোনো জবাব পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স