নভেম্বর ২৭, ২০২৬, ০৪:২১ পিএম
নজরুল বর্ষ ২০২৬ উদ্যাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নারীদের মিনি ম্যারাথনে পাঁচ শতাধিক দৌড়বিদ অংশ নিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ছয়টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে পতাকা সংকেতের মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
ভোরের আলো ফোটার আগেই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ নানা বয়সের নারীরা শেরপুর শহীদ দারোগা আলী পৌর স্টেডিয়ামে সমবেত হন।
উদ্বোধনের পর অংশগ্রহণকারীরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে পৌর শহরের অষ্টমীতলা, শেরী ব্রিজ মোড়, জেলা পরিষদ, সোনার বাংলা বাসস্ট্যান্ড ও শেরপুর সরকারি কলেজ মোড় হয়ে ডিসি উদ্যানে পৌঁছে দৌড় শেষ করেন। এই যাত্রায় তারা প্রায় ছয় কিলোমিটার পথ অতিক্রম করেন।
প্রতিযোগিতায় সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন দৌড়বিদকে সম্মাননা পদক পরিয়ে দেন অতিথিরা এবং শীর্ষ ১০ জন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বাইসাইকেল উপহার দেওয়া হয়। পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসন-১৫-এর সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
পুরো পথজুড়ে দৌড়বিদদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা ও চিকিৎসাসহায়তা কেন্দ্র রাখা হয়েছিল। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, অনুষ্ঠান সুশৃঙ্খল রাখতে প্রতিটি মোড়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং যানজট এড়াতে কাজ করেছেন। সবার সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীর শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর নিরাপদ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতে ক্রিকেট প্রতিযোগিতা এবং পুরুষদের জন্যও ম্যারাথন আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি এই আয়োজনের সঙ্গে যুক্ত শেরপুর জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন