শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
স্বাস্থ্যকর বিকেলের নাশতা

ক্রিমি স্যান্ডউইচ রেসিপি চিজ ও মেয়োনিজ ছাড়াই ঘরোয়া উপকরণে বানান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৫:০০ পিএম

ক্রিমি স্যান্ডউইচ রেসিপি চিজ ও মেয়োনিজ ছাড়াই ঘরোয়া উপকরণে বানান

চিজ ও মেয়োনিজ দেওয়া স্যান্ডউইচ খেতে সুস্বাদু হলেও নিয়মিত বেশি পরিমাণে এসব উপাদান খেলে শরীরে ক্যালরি ও চর্বির মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তবে চিজ বা মেয়োনিজ ছাড়াই বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু ক্রিমি স্যান্ডউইচ।

বিকেলের নাশতা কিংবা হঠাৎ ক্ষুধা মেটাতে কম সময়ে তৈরি করা যায় এই পদ, যা ছোট-বড় সবার কাছেই বেশ পছন্দের।

এই ক্রিমি স্যান্ডউইচ তৈরির জন্য প্রয়োজন চার থেকে ছয় পিস পাউরুটি, আধা কাপ পানি ঝরানো ঘন টক দই, দুটি সেদ্ধ ডিম এবং আধা কাপ মিহি করে কুচানো গাজর, শসা ও ক্যাপসিকাম। স্বাদের জন্য আরও লাগবে আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, সামান্য ভাজা জিরার গুঁড়া বা চাট মসলা, স্বাদমতো লবণ, আধা চা চামচ চিনি এবং ভাজার জন্য সামান্য মাখন বা ঘি।

প্রস্তুত প্রণালির শুরুতে দুটি সেদ্ধ ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিতে হবে। একটি বাটিতে ডিমের কুসুম নিয়ে কাঁটাচামচ দিয়ে ভালোভাবে চটকে মসৃণ করে নিতে হবে এবং এর সঙ্গে পানি ঝরানো ঘন টক দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটি মেয়োনিজের মতো মসৃণ ও ক্রিমি হয়ে ওঠে।

এরপর সেদ্ধ ডিমের সাদা অংশ ছোট ছোট টুকরো করে কেটে ওই ক্রিমি মিশ্রণে যোগ করতে হবে। সঙ্গে মিহি করে কুচিয়ে রাখা গাজর, শসা ও ক্যাপসিকাম মিশিয়ে নিতে হবে। এর মধ্যে গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, সামান্য চিনি এবং ভাজা জিরার গুঁড়া বা চাট মসলা দিয়ে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে পুর তৈরি করতে হবে। চাইলে স্বাদ বাড়াতে এই পুরের সঙ্গে সামান্য সেদ্ধ মুরগির মাংস কুচিও যোগ করা যেতে পারে।

সবশেষে পাউরুটির এক পিঠে সামান্য মাখন বা ঘি মাখিয়ে তাওয়ায় হালকা করে সেঁকে নিতে হবে। এরপর একটি পাউরুটির ওপর তৈরি করা ক্রিমি পুর পুরু করে ছড়িয়ে দিয়ে তার ওপর আরেকটি পাউরুটি চাপা দিয়ে বসিয়ে কোণাকুণি কেটে নিতে হবে।

কাটা হয়ে গেলে তাওয়ায় আবার সামান্য মাখন ব্রাশ করে স্যান্ডউইচের দুই পিঠ হালকা সোনালি রঙ না আসা পর্যন্ত ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিজ ও মেয়োনিজ ছাড়া ঘরোয়া ক্রিমি স্যান্ডউইচ, যা বিকেলের নাশতায় গরম গরম পরিবেশন করা যায়।