বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

মাছের বারবিকিউ তৈরির সহজ রেসিপি, শীতের সন্ধ্যায় জমে উঠবে আড্ডা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৫:৪৬ পিএম

মাছের বারবিকিউ তৈরির সহজ রেসিপি, শীতের সন্ধ্যায় জমে উঠবে আড্ডা

শীতের রাতে বা সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের আড্ডায় মাংসের বদলে মাছের বারবিকিউ তৈরি করা যায় সহজেই। মসলার ঘ্রাণ, লেবুর হালকা টক ভাব আর গ্রিলের ধোঁয়াটে স্বাদ মিলিয়ে ঘরোয়া আয়োজনে ভিন্ন মাত্রা আনে এই পদ।

কাঁটা কম এমন মাছ বা ফিলে নিলে খেতে সুবিধা হয়। সেক্ষেত্রে তেলাপিয়া বা কোরাল মাছ ভালো মানায়।

প্রথমে মাছ ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। টুকরোগুলো খুব বড় হলে মাঝারি আকারে কেটে নেওয়ার নির্দেশনা রয়েছে। মেরিনেশনের জন্য একটি পাত্রে তিন টেবিল চামচ টক দই, এক টেবিল চামচ আদা-রসুন বাটা, দুই টেবিল চামচ লেবুর রস, এক চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, এক চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া ও দুই টেবিল চামচ সরিষার তেল নিতে হবে। স্বাদমতো লবণ ও চাইলে এক চা চামচ মধু মিশিয়ে মসলার মিশ্রণ তৈরি করা যায়।

মাছের টুকরোগুলো মসলায় মাখিয়ে ঢেকে ফ্রিজে অন্তত ৩০ মিনিট রেখে দিলে স্বাদ ভেতরে পৌঁছায়।

কাঠি ব্যবহার করলে আগে পানিতে ভিজিয়ে নিতে হবে। এরপর মাছের টুকরোর সঙ্গে পরিমাণমতো পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো গেঁথে নেওয়া যায়। মাঝারি আঁচে বারবিকিউ গ্রিল বা গ্রিল প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে কাঠিগুলো বসাতে হবে। দুই পাশ পাল্টে পাল্টে রান্না করলে মাছ সিদ্ধ হয়ে সহজে ভেঙে এলে এবং বাইরের অংশে হালকা পোড়া রং ধরলে নামিয়ে নিতে হয়। সাধারণত ১৫ থেকে ২০ মিনিট সময় লাগতে পারে, তবে মাছের পুরুত্ব অনুযায়ী সময় কমবেশি হতে পারে।

লেবুর রস অতিরিক্ত থাকলে মাছের গঠন নরম হয়ে যেতে পারে, তাই বেশি সময় মেরিনেট করে না রাখাই ভালো। গ্রিল করার সময় বারবার মাছ উল্টালে ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। মাছের ভেতর পর্যন্ত ভালোভাবে রান্না হয়েছে কি না নিশ্চিত করতে হবে এবং সম্ভব হলে ভেতরের তাপমাত্রা ৬৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে কি না মেপে নিতে হবে।

তৈরি বারবিকিউয়ের ওপর সামান্য লেবুর রস ছড়িয়ে পেঁয়াজের রিং, শসা, ধনেপাতা ও পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করা হয়।