অক্টোবর ১, ২০২৬, ০৪:০৬ পিএম
নিয়মিত পানীয় হিসেবে ব্যবহারের পাশাপাশি কফি দিয়ে ঘরেই তৈরি করা সম্ভব সুস্বাদু বিভিন্ন ধরনের মিষ্টান্ন পদ। অল্প সময় ও সাধারণ কিছু উপাদানের সমন্বয়ে তৈরি এমন একটি জনপ্রিয় ডেজার্ট হলো কফির ব্রাউনি।
রান্নাঘরের নিয়মিত উপাদান দিয়েই এই বিশেষ পদটি ঝটপট বানিয়ে নেওয়া যায়।
এই ব্রাউনি তৈরিতে প্রয়োজন দেড় টেবিল চামচ কফি, এক কাপ ময়দা এবং এক কাপ চিনি। এর সঙ্গে প্রস্তুত রাখতে হবে দুই টেবিল চামচ কোকো পাউডার, আধা কাপ গলানো বাটার, দুটি ডিম এবং সামান্য পরিমাণ লবণ।
প্রস্তুত প্রণালির শুরুতে একটি বড় পাত্রে চিনি, ডিম ও গলানো বাটার একসঙ্গে ভালো করে বিট করে নিতে হবে। মিশ্রণটি মসৃণ হয়ে এলে এর সঙ্গে ময়দা, কফি, কোকো পাউডার এবং সামান্য লবণ পর্যায়ক্রমে ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে।
এরপর কেক তৈরির নির্দিষ্ট বেকিং পাত্রে কাগজ বিছিয়ে চারপাশে তেল মাখিয়ে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করা ব্যাটারটি পাত্রে ঢেলে নিতে হবে।
ওভেনটি প্রথমে দশ মিনিট প্রি-হিট করে গরম করে নিতে হবে। এরপর ব্যাটারসহ মোল্ডটি ওভেনে বসিয়ে ১৮০ সেলসিয়াস তাপমাত্রায় প্রায় আধঘণ্টা বেক করতে হবে। নির্দিষ্ট সময় পর ওভেন থেকে বের করে পছন্দমতো টুকরো করে কেটে সাজিয়ে পরিবেশন করা যাবে সুস্বাদু কফির ব্রাউনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন