বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
রেসিপি

রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে ক্রিস্পি লইট্টা ফ্রাই বানানোর সহজ রেসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৫:১৭ পিএম

রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে ক্রিস্পি লইট্টা ফ্রাই বানানোর সহজ রেসিপি

সামুদ্রিক মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি। আর সেই মাছ যদি হয় গরম গরম ও মচমচে লইট্টা ফ্রাই, তাহলে ভাতের সঙ্গে হোক কিংবা বিকেলের নাস্তায়—জিভে পানি আসা স্বাভাবিক।

কক্সবাজারের সমুদ্রপাড়ের রেস্টুরেন্টে বসে গরম গরম লইট্টা ফ্রাই খাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। তবে সেই স্বাদ পেতে সবসময় বাইরে যাওয়ার প্রয়োজন নেই। অল্প কিছু উপকরণ আর সঠিক কৌশল জানলেই ঘরের তৈরি মচমচে ও সুস্বাদু লইট্টা ফ্রাই উপভোগ করা সম্ভব।

এই সুস্বাদু পদটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের তালিকা নিচে দেওয়া হলো:
— লইট্টা মাছ: আধা কেজি
— হলুদ গুঁড়া: আধা চা চামচ
— লাল মরিচ গুঁড়া: আধা চা চামচ
— আদা বাটা: আদা বাটা আধা চা চামচ
— রসুন বাটা: আধা চা চামচ
— পেঁয়াজ বাটা: আধা চা চামচ
— লেবুর রস: ১ টেবিল চামচ
— জিরা গুঁড়া: আধা চা চামচ
— ধনিয়া গুঁড়া: আধা চা চামচ
— গরম মসলা গুঁড়া: আধা চা চামচ
— গোলমরিচ গুঁড়া: আধা চা চামচ
— বেসন: ১ কাপ
— কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
— লবণ: স্বাদমতো
— তেল: পরিমাণমতো

প্রস্তুত প্রণালি:
প্রথমে লইট্টা মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এরপর একটি পাত্রে মাছ নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ ও মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মসলা গুঁড়া, লবণ এবং সামান্য লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মসলাগুলো যেন মাছের প্রতিটি অংশে ভালোভাবে লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর মাছগুলো ১০ থেকে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিন।

এবার অন্য একটি পাত্রে বেসন, কর্নফ্লাওয়ার, সামান্য গোলমরিচ গুঁড়া ও অল্প মরিচ গুঁড়া নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এতে অল্প অল্প করে পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার যেন খুব পাতলা না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। ঘন ব্যাটার মাছের গায়ে ভালোভাবে আটকে থাকবে এবং ভাজার পর বাইরের অংশ হবে আরও ক্রিস্পি।

চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণমতো তেল দিন।

তেল ভালোভাবে গরম হলে ম্যারিনেট করা মাছগুলো একে একে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিন। চাইলে ব্যাটারের বদলে শুকনো বেসন ও কর্নফ্লাওয়ারের মিশ্রণেও মাছ ভালোভাবে গড়িয়ে নিতে পারেন। এতে লইট্টা ফ্রাইয়ের বাইরের আবরণ আরও বেশি মচমচে হবে।

মাঝারি আঁচে মাছগুলো ধীরে ধীরে উল্টেপাল্টে ভাজুন।

দুই পাশ সুন্দর সোনালি রঙের হয়ে এলে এবং বাইরের অংশ মুচমুচে দেখালে বুঝবেন লইট্টা ফ্রাই তৈরি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর তুলে নিন। শেষে গরম গরম ক্রিস্পি লইট্টা ফ্রাই টমেটো সস, চিলি সস কিংবা পছন্দের ডিপের সঙ্গে পরিবেশন করুন।