নভেম্বর ১৮, ২০২৬, ০৮:২৮ পিএম
অনেক দিন হলো অভিনয় থেকে দূরেই আছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। মাঝে দু-একটি কাজ করলেও অভিনয়ে আর নিয়মিত হতে পারেননি। এখন নানা ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই মূলত দেখা যায় এই অভিনেত্রীকে।
এর সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নতুন নতুন সাজে ও পোশাকে হাজির হন পূর্ণিমা। সম্প্রতি তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গাঢ় গোলাপি রঙের একটি পোশাকে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন। পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা এবং পুঁতির কাজ বিশেষ আভিজাত্য ফুটিয়ে তুলেছে।
খোলা ঢেউখেলানো বাদামি চুল, চোখে পরিপাটি মেকআপ, হালকা ব্লাশ ও গোলাপি লিপস্টিকে তার এই সাজ বেশ স্নিগ্ধ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। সঙ্গে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলে আংটি পরে সাজে পূর্ণতা এনেছেন অভিনেত্রী। এক ডজন ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’
পূর্ণিমার এই ছবিগুলোতে মিষ্টতা যে ভরপুর রয়েছে, তা ভক্তদের মন্তব্যেও স্পষ্ট। পোস্টটিতে ১৯ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে এবং মন্তব্য ছাড়িয়েছে ১১ শ। ভক্তদের অনেকেই লিখেছেন, ছোটবেলা থেকে তাকে দেখতে দেখতে তারা নিজেরাও বড় হয়ে গেছেন, কিন্তু পূর্ণিমার রূপ এতটুকুও কমেনি। কেউ তাকে ছোটবেলার ক্রাশ বলে অভিহিত করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন যে তিন যুগের এই নায়িকার চেহারায় কোনো পরিবর্তন আসেনি।
উল্লেখ্য, অভিনয়ে পূর্ণিমাকে সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় তিন বছর আগে, পরিচালক কাজল আরেফিন অমির আলোচিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ। এরপর আর সেভাবে পর্দার অভিনয়ে তাকে পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন