রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিষধর সাপ’ বললেন পূর্ণিমা, কাকে ইঙ্গিত করলেন?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ০৫:৩১ পিএম

বিষধর সাপ’ বললেন পূর্ণিমা, কাকে ইঙ্গিত করলেন?

ছবি - সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। সেই পোস্টে তিনি আপনজন ভেবে বিশ্বাস করা কিছু মানুষকে ‘বিষধর সাপ’-এর সঙ্গে তুলনা করেছেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে পূর্ণিমা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে লেখেন, “মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই— তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

তিনি আরও লেখেন, “যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে, সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে। কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়—তখন তারাই সবার আগে দূরে সরে যায়।”

পোস্টের শেষে তিনি লেখেন, “তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

পূর্ণিমার এই দার্শনিক ও আক্ষেপমাখা স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা কমেন্ট বক্সে তার সঙ্গে সহমত পোষণ করছেন এবং অনেকেই জানতে চেয়েছেন, তিনি কাদের উদ্দেশ্য করে এই বার্তা দিলেন। তবে অভিনেত্রী সে বিষয়ে কিছুই খোলসা করেননি।