বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
জাতীয় সংসদ

মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করা হবে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৪৮ পিএম

মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়াতে মনোরেল চালুর বিষয়েও গুরুত্বের সঙ্গে ভাবছে সরকার।

বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে কুমিল্লা-নয় আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে এবং বাকিগুলোতে যাতে দ্রুত কাজ করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। মনোরেল প্রসঙ্গে তিনি জানান, মনোরেল ছোট ছোট জায়গার মধ্যে যেমন মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের ভেতরের পাড়মহল্লায় চলাচল করতে পারে। এই ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।

রাজধানীর যানজট নিরসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের পঞ্চাশটি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। আগামী এক-দুই মাসের মধ্যে এই ট্রাফিক লাইটগুলো কাজ শুরু করলে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে আসবে এবং ট্রাফিক ব্যবস্থা অনেক উন্নত হবে। তিনি আরও বলেন, বিশ্বের যেকোনো বড় জনবহুল রাজধানীতে অফিস বা স্কুলের সময়ে ট্রাফিক জ্যাম থাকা স্বাভাবিক, যা বাংলাদেশেও দেখা যায়, তবে তা যথাসম্ভব কমিয়ে আনার চেষ্টা চলছে।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে সংসদ অধিবেশন শুরু হয়। গত নয় নভেম্বর শুরু হওয়া সংক্ষিপ্ত এই অধিবেশন প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।