মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,
পূজার বিশেষ সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি জারি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ০৮:৪১ পিএম

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি জারি

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার ছুটিতে রাজধানীতে বিশেষ সময়সূচি অনুযায়ী চলবে দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। ছুটাকালীন চার দিন স্বাভাবিক দিনের আদলে ট্রেন চলাচল করলেও শুক্রবার ট্রেন চালানো হবে কেবল বিকেল থেকে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগ থেকে এই বিশেষ সময়সূচির বিস্তারিত জানানো হয়েছে।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, আগামী ২০, ২১, ২২ এবং ২৪ অক্টোবর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের পথে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করবে সকাল ৭টা ১৫ মিনিটে।

দিনের বেশিরভাগ সময় ট্রেনগুলো ১০ থেকে ১২ মিনিট পরপর যাতায়াত করবে।

রাতের দিকে যাত্রীচাহিদার ওপর ভিত্তি করে এই বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এই চার দিনের প্রতিটিতে উভয় দিক মিলিয়ে দৈনিক ১৭১টি করে ট্রিপ পরিচালিত হবে।

তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৩ অক্টোবর) ট্রেন চলাচলের ধরনে ভিন্নতা আনা হয়েছে।

এদিন উত্তরা উত্তর প্রান্ত থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে। শুক্রবার দুই দিক মিলিয়ে সর্বমোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।

যাত্রীচাপ সামাল দিতে বিশেষ প্রস্তুতিও রেখেছে কর্তৃপক্ষ।

উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও মূল ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে, যাতে হঠাৎ ভিড় বাড়লে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ট্রিপ চালানো যায়।

সাধারণ কর্মদিবসে ব্যস্ত সময়ে ৫ থেকে ৬ মিনিট এবং অন্যান্য সময়ে ৮ থেকে ১০ মিনিট পরপর ট্রেন চলাচল করে থাকে।