মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মোদি তরুণদের আটকে রেখে কাপুরুষের মতো আচরণ করছেন: অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ০৮:৩৭ পিএম

মোদি তরুণদের আটকে রেখে কাপুরুষের মতো আচরণ করছেন: অভিজিৎ দীপকে

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশটির ইতিহাসের ‍‍`সবচেয়ে বড় কাপুরুষ‍‍` বলে আখ্যায়িত করে তীব্র রাজনৈতিক আক্রমণ চালিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার মাত্র একদিন পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত প্রায় আট মিনিটের এক ভিডিও বিবৃতিতে তিনি এই কড়া সমালোচনা করেন।

অভিজিৎ দীপকে অভিযোগ করেন, তরুণ আন্দোলনকারীদের পুলিশি পাহারায় আটকে রেখে ক্ষমতার অপপ্রয়োগ চালানো হচ্ছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, ছাব্বিশ বছর বয়সী সৌরভ দাসকে কারাগারে আটকে রেখে, রাজপথে শিশুদের লাঠিপেটা করে, পুরো দিল্লি ব্যারিকেডে অবরুদ্ধ করে কিংবা শিক্ষার্থীদের রাজপথে টেনেহিঁচড়ে নিয়ে কি নিজেকে খুব শক্তিশালী প্রমাণ করা যায়?

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সৌরভ দাস এবং ত্রিশ বছর বয়সী আশুতোষ রাঙ্কা কেবল জাতীয় পতাকা প্রদর্শনের জন্য দিল্লির যন্তর-মন্তরে সমবেত হয়েছিলেন। এর জেরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

তিনি অভিযোগ করেন, জামিন বা শুনানির বৈধ আইনি প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে।

অভিজিৎ দীপকে মন্তব্য করেন, মোদির নাতি-নাতনির বয়সী তরুণদের কারাগারে আটকে রেখে তথাকথিত ‍‍`বিশ্বগুরু‍‍` নিজেকে শক্তিশালী ভাবছেন। পুরো পুলিশ বাহিনী এবং আদালতের আশ্রয়ে লুকিয়ে থাকাকে কখনোই প্রকৃত শক্তি বলা যায় না।

প্রকৃত শক্তির সংজ্ঞা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে গা ঢাকা দেওয়া বীরত্ব নয়; বরং নিজের চেয়ে বহুগুণ বেশি ক্ষমতাশালী কোনো শক্তির বিরুদ্ধে পরিণাম জেনেও লড়াই চালিয়ে যাওয়ার নামই আসল সাহস।

বক্তব্যে তিনি নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক কূটনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়ার অভিযোগও তোলেন।

তিনি জানান, তাকে এ পর্যন্ত দুই বার কারাবন্দি করা হলেও তরুণ সমাজকে কোনোভাবেই ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না।

কারাগারে পাঁচ দিন কাটানোর পর আদালতে সৌরভ দাসের হাসিমুখের কথা স্মরণ করে তিনি বলেন, হেফাজতের মেয়াদ বৃদ্ধি পাওয়ার পরেও তরুণদের মধ্যে কোনো শঙ্কা তৈরি হয়নি। রাষ্ট্রযন্ত্র অতিরিক্ত ভীতির সঞ্চার করতে গিয়ে উল্টো তরুণদের মন থেকে ভয় দূর করে দিয়েছে।

এদিকে দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিজিতের ঘনিষ্ঠ সহযোগী সৌরভ ও আশুতোষ এখনও কারাগারেই অবস্থান করছেন।

গত সোমবার এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ নতুন করে আরও দুই দিন বৃদ্ধি করার আদেশ দিয়েছেন।