মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

অপরাধী প্রভাবশালী হলেও ছাড় পাবে না আইনমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ০৬:৫৯ পিএম

অপরাধী প্রভাবশালী হলেও ছাড় পাবে না আইনমন্ত্রী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপার বাঘিনী দুর্গামন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। অপরাধ করে পার পাওয়ার সুযোগ কারও নেই উল্লেখ করে তিনি বলেন, শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের শৈলকুপা গড়ে তুলতে সব অপরাধীকে আইনের মুখোমুখি করা হবে।

এলাকায় মাদকবিরোধী তৎপরতা জোরদারের তাগিদ দিয়ে মন্ত্রী জানান, মাদকসেবী, বিক্রেতা বা কারবারির সন্ধান পাওয়া গেলে সরাসরি তার হোয়াটসঅ্যাপ নম্বরে তথ্য পাঠানো যাবে। তিনি আশ্বস্ত করেন, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সেই তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ার করে তিনি বলেন, অপরাধীর দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। কোনো জনপ্রতিনিধি বা নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে তাৎক্ষণিকভাবে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

শারদীয় দুর্গোৎসব উদযাপন নির্বিঘ্ন করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, শৈলকুপা থানার ১২৮টি পূজামণ্ডপে সরকারি সহায়তা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে আরও ৪০টি মণ্ডপে অতিরিক্ত ৫০০ কেজি করে চাল সরবরাহ করা হয়েছে।

শৈলকুপার ১৬টি বিশেষ মন্দিরের জন্য প্রতিটিতে এক লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই অর্থ পৌঁছে যাবে।

ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা থাকলেও সবার নাগরিক পরিচয় অভিন্ন উল্লেখ করে তিনি বলেন, সবার পরিচয় এক—আমরা বাংলাদেশি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

উপজেলার অতীতের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, অতীতে চাকরি প্রদান বা সড়ক নির্মাণের বরাদ্দ ছাড়ে কমিশন বাণিজ্যের অভিযোগ ছিল। সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহেও অনিয়ম হয়েছে। বর্তমানে এসব বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তার শুভাকাঙ্ক্ষীরা প্রতি মাসে এই তহবিলে পাঁচ লাখ টাকা করে অনুদান দিচ্ছেন। এই অর্থ দিয়ে অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, শৈলকুপাকে অপরাধ ও চাঁদাবাজিমুক্ত আধুনিক জনপদে রূপান্তর করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদেরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হুসাইন, পুলিশ সুপার আশিস বিন হাসান, শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) ইসফাকুল কবির সরকার এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লাহ। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিডার ড. প্রদীপ কুমার শাহা, তাঁর সহধর্মিণী চামেলী সাহা এবং কন্যা ডা. প্রথা।