মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী আটক

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২০, ২০২৬, ০৬:৪১ পিএম

দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী আটক

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা শহরে অভিযান চালিয়ে আট হাজার পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুরে শহরের প্রাণকেন্দ্র টিএনটি গেট থেকে প্রায় ১০০ গজ পূর্বে পৌরসভা রোডে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমান। আটক নারীর নাম বিলকিস বেগম (৪০)। তিনি দিনাজপুরের বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সামনের সড়কে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

এ সময় সন্দেহভাজন ওই নারী একটি ব্যাগ হাতে পায়ে হেঁটে যাচ্ছিলেন। কর্মকর্তারা তার গতিরোধ করে তল্লাশি চালালে ব্যাগের ভেতর থেকে আট হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা এসব নিষিদ্ধ ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক বিলকিস বেগম এর আগেও মাদক মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ভোগ করেছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।