অক্টোবর ২০, ২০২৬, ০৪:২৮ পিএম
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত বিশাল জনসভায় যোগ দিয়ে আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় তিনি ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে মোট ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে `বিসমিল্লাহির রাহমানির রাহিম` উচ্চারণ করে জনসভামঞ্চে স্থাপিত ডিজিটাল বোতাম চেপে একযোগে এই অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেন সরকারপ্রধান। এ সময় জনসভাস্থলে সমবেত হাজারো মানুষও তাঁর সঙ্গে সমস্বরে `বিসমিল্লাহ` উচ্চারণ করে সমর্থন জানান।
এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। মাঠে তাঁর আগমন উপলক্ষে সমবেত নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে করে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান সরকারপ্রধান।
বিমানবন্দর থেকে মাদ্রাসা মাঠের জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে সমবেত বিপুলসংখ্যক মানুষ তাঁকে হাত নেড়ে অভিবাদন জানান। এ সময় প্রধানমন্ত্রীও চলাচলরত বাসের ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
জনসভার কার্যক্রম শেষে রাজশাহীর ধর্মসভা মন্দিরের শারদীয় পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় এবং এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে তাঁর। রাজশাহীর সব নির্ধারিত কর্মসূচি সমাপ্ত করে পরবর্তীতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন সরকারপ্রধান।
এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রংপুর যাওয়ার সময় তিনি তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পৃথক পথসভায় অংশ নেন এবং পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে স্থানীয় পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন