মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ০৩:২৩ পিএম

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুর থেকে একটি সামরিক বিমানে দুপুর ২টা ২০ মিনিটে রওনা দেন তিনি। পরে দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, দলের বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

এরপর তিনি রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে করে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে রংপুর যাওয়ার পথে তিনি তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পৃথক পথসভায় অংশ নেন। পরে রংপুরের পাগলাপীরে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন সরকারপ্রধান।

রাজশাহীর নির্ধারিত সব কর্মসূচি সমাপ্ত করে পরবর্তীতে তাঁর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।