অক্টোবর ২০, ২০২৬, ০৬:১৭ পিএম
দেশের বাজারে ডুয়াল-স্ক্রিন প্রযুক্তির নতুন স্মার্টফোন আইটেল A300+ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড আইটেল। ফোনটির পেছনে যুক্ত করা হয়েছে একটি বিশেষ দ্বিতীয় ডিসপ্লে, যা সাধারণ বাজেট ডিভাইসে সচরাচর দেখা যায় না। তরুণ ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় এনে শক্তিশালী হার্ডওয়্যার ও সামরিক মানের স্থায়িত্বের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই হ্যান্ডসেটটি।
ডিভাইসটির প্রধান আকর্ষণ পেছনে থাকা ২ দশমিক ০১ ইঞ্চির ইন্টারঅ্যাকটিভ স্ক্রিন, যাকে বলা হচ্ছে এআই ডুয়াল ভিশন ডিসপ্লে। মূল ডিসপ্লে চালু না করেই এর মাধ্যমে ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময় ফ্রেম পর্যবেক্ষণ, নোটিফিকেশন যাচাই এবং মিউজিক প্লেয়ার নিয়ন্ত্রণ করা সম্ভব। স্ক্রিনটিতে পছন্দের ছবি, ঘড়ি কিংবা কাস্টমাইজড নানা নকশা যুক্ত করার সুবিধাও রয়েছে।
সামনের অংশে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬ দশমিক ৭৮ ইঞ্চির বড় পাঞ্চ-হোল ডিসপ্লে। এর ফলে দৈনন্দিন ব্রাউজিং ও গেমিংয়ে মসৃণ ভিজ্যুয়াল পাওয়া যাবে।
দীর্ঘস্থায়ী ব্যাকআপ দিতে ফোনটিতে যুক্ত করা হয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই ব্যাটারি সর্বোচ্চ এক হাজার ২০০ চার্জিং সাইকেল পর্যন্ত সক্ষমতা ধরে রাখতে পারে এবং এটি অন্তত পাঁচ বছর নির্ভরযোগ্য সেবা দেওয়ার লক্ষ্যে নকশা করা হয়েছে। চার্জিং প্রক্রিয়া নিরাপদ রাখতে রয়েছে এআই চার্জিং সুরক্ষা ও স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট প্রযুক্তি।
শব্দদূষণমুক্ত স্পষ্ট যোগাযোগের জন্য ডিভাইসটিতে ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম স্পিকার এবং নয়েজ কন্ট্রোল ৩.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
আকস্মিক পানির ছিটা ও ধুলাবালি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখতে এতে আইপি৬৫ রেটিং এবং টেকসই মিলিটারি-গ্রেড বডি নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
নেটওয়ার্কবিহীন এলাকায় যোগাযোগের জন্য ডিভাইসটিতে যুক্ত হয়েছে আল্ট্রালিংক ফ্রি কল ফিচার। এই প্রযুক্তির সাহায্যে উপযুক্ত উন্মুক্ত পরিবেশে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ছাড়াই সর্বোচ্চ দেড় কিলোমিটার দূরত্বে পরস্পরের সাথে বিনামূল্যে কল করা যাবে।
ভিতরের মূল ড্রাইভার হিসেবে কাজ করছে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্টিমেট প্রসেসর।
বর্তমানে দেশে ফোনটির ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি পাওয়া যাচ্ছে ১৮ হাজার ৯৯০ টাকায়।
এ ছাড়া ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ধারণক্ষমতার আরেকটি সাশ্রয়ী সংস্করণ আগামী নভেম্বর ২০২৬ থেকে বাজারে আসবে, যার দাম পরবর্তীতে ঘোষণা করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন