মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

বিএনপি কাজে প্রমাণ করে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২০, ২০২৬, ০৬:২৫ পিএম

বিএনপি কাজে প্রমাণ করে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

ছবি: দিনাজপুর টিভি

বিএনপি মুখে যা বলে, কাজ দিয়ে তা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে দিনাজপুর শহরের গণেশতলা বারোয়ারি দুর্গামন্দির (রায় সাহেব বাড়ি) পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কথা ও কাজের মধ্যে মিল রেখেই বিএনপি রাজনীতি করে। জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে দলটির সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই মন্তব্য করে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে বসবাস করে আসছে। এটি সব ধর্মের মানুষের দেশ এবং এখানে প্রত্যেক নাগরিকের অধিকার সমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের পূজামণ্ডপ পাহারা দিতে দেখা গিয়েছিল। তবে এবার সেই দলের কাউকেই দেখা যাচ্ছে না।

পরিদর্শনকালে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে নাগরিকরা যাতে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে উল্লেখ করে দেশের শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।