অক্টোবর ২০, ২০২৬, ০৩:১৩ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত দুটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনাজপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত জানানো হয়।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটা থেকে পৌনে তিনটার মধ্যে নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামালপুর মৌজায় নবাবগঞ্জ-ভাদুরিয়াগামী পাকা সড়কে এই ডাকাতির ঘটনা ঘটে। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সংঘটিত এই অপরাধের ঘটনায় অজ্ঞাতপরিচয় ১২ থেকে ১৩ জন ডাকাতকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই তদন্তে নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় আট সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাজাকালাই এলাকার মো. শাকিল সরকার (২৬) ও মো. রুহুল আমিন (৩৫); রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর এলাকার মো. রাশেদ মিয়া ওরফে রাশেদুল (৩০), মো. রবিউল প্রধান ওরফে রুবেল (৩৫), মো. সাজু মিয়া (৫৩), তরবমৌজা এলাকার মো. আরিফুল ইসলাম ওরফে চেয়ারম্যান (৪২) ও হলদিবাড়ী প্রধানপাড়া এলাকার মো. মিরাজ মিয়া (২৬); এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ কলোনির মো. শাহিন মিয়া (৩০)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় ছিনতাই হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে এইচপি ব্র্যান্ডের দুটি ল্যাপটপ, একটি ইনফিনিক্স, একটি অপো, একটি ভিভো, একটি অনার, একটি স্যামসাং ও একটি ম্যাক্সটেল বাটন মোবাইল ফোন। এর পাশাপাশি ডাকাতির সময় সড়কে গাছ কাটার কাজে ব্যবহৃত একটি করাত ও একটি কাস্তে জব্দ করেছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন