অক্টোবর ৩, ২০২৬, ০৮:১১ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান সরকারের প্রত্যাশা ও নির্বাচনী ইশতিহারের লক্ষ্য অনুযায়ী অত্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকারের ইশতিহারে অন্তর্ভুক্ত ‘লার্নিং ইউথ হ্যাপিনেস’ কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে এবং শিক্ষাখাতকে জীবনঘনিষ্ঠ করতে বর্তমান প্রশাসনের নেওয়া অগ্রাধিকারভিত্তিক উদ্যোগগুলো প্রশংসনীয়। শনিবার দিনাজপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনাজপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজ মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার কলেজ থেকে জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক অর্জনকারী ১ হাজার ৫৪ জন শিক্ষার্থী-অ্যাথলেট অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫৪ জন ছাত্র এবং ৪০০ জন ছাত্রী রয়েছেন, যারা ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৭২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে জীবনমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন সমাজকল্যাণমন্ত্রী।
তিনি উল্লেখ করেন যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনোভাবেই দলবাজির আখড়া হতে পারে না, বরং এগুলো মানুষ তৈরির পবিত্র ক্যাম্পাস হওয়া উচিত। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে যুক্ত করার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার পরিবেশ সৃষ্টির তাগিদ দেন তিনি। এছাড়া ফ্রিল্যান্সিং ও আধুনিক প্রযুক্তির সুফল পেতে শিক্ষার্থীদের যথাযথ প্রাতিষ্ঠানিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী বিস্তৃত অধিভুক্ত কলেজগুলোর অবকাঠামো কাজে লাগিয়ে খুব সহজেই বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে এই দক্ষতা পৌঁছে দেওয়া সম্ভব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন